হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের হাতীবান্ধা উপজেলা বড়খাতা রেলগেট এলাকায় একটি নৈশকোচের ধাক্কায় আশরাফ আলী (৪৫) নামের এক অটোভ্যানচালক মারা গেছেন। এ সময় আরও তিন আরোহী আহত হন। নিহত আশরাফ উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের আশরাফ আলী বিকেলের দিকে অটোভ্যানযোগে বড়খাতা বাজার থেকে মহাসড়ক দিয়ে চারজন যাত্রী নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা নাবিল এন্টারপ্রাইজ নামের একটি নৈশকোচ অটোভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলে মারা যান। অন্য তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে দুই ব্যক্তির অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রসূন কান্তি দাশ দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত কোচটি আটক করা হয়েছে।