হাতীবান্ধায় ৪৯ শিক্ষার্থী পেল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাইকেল
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গতকাল রোববার ৪৯ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (এমটিবির) কর্মসূচির ‘স্বপ্নসারথি’র উদ্যোগে এ বাইসাইকেল দেওয়া হয়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সূত্রে জানা গেছে, হাতীবান্ধা শাহ্ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিছনদই আজিজুর রহমান উচ্চবিদ্যালয়, বোর্ডের হাট উচ্চবিদ্যালয়, বড়খাতা বালিকা বিদ্যালয়, গোতামারী বালিকা উচ্চবিদ্যালয়, গড্ডিমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও টংভাঙ্গা মহিলা মাদ্রাসার গরিব ও মেধাবী ৪৯ জন ছাত্রীর মাঝে ওই ৪৯টি বাইসাইকেল দেওয়া হয়।
উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের একটি চাতাল ঘর চত্বরে গতকাল দুপুরে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাতীবান্ধা এস এস উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি কমিউনিকেশন ডিপার্টমেন্টের গ্রুপ চিফ কমিউনিকেশন কর্মকর্তা মোহাম্মদ সামি আল হাফিজ। বক্তব্য দেন হাতীবান্ধা শাহ্ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএসের জেলা প্রোগ্রাম ব্যবস্থাপক মাইদুল ইসলাম, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া প্রমুখ।
বাইসাইকেল পেয়ে শাহ্ গরীবুল্যাহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অর্পিতা বলে, ‘মনের ভেতরে অনেক দিনের আশা ছিল একটি সাইকেল কিনব। সে আশা পূরণ হলো। এখন থেকে সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে পারব। এখন একটা আশা, পড়াশোনা করে চিকিৎসক হব।’
বোর্ডের হাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী পূর্ণিমা রানী বলেন, ‘গরিব ও অসহায় পরিবারের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য বাইসাইকেল দেওয়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে অভিনন্দন জানাই।’