হাতুড়ি দিয়ে ছাত্র পেটালেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া পূর্বহাটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল জব্বার মৌলভি বেত ও হাতুড়ি দিয়ে দুই ছাত্রকে পিটিয়েছেন। আহত ওই দুই ছাত্রকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন চতুর্থ শ্রেণীর ছাত্র সোহাগ ও তৃতীয় শ্রেণীর ছাত্র রাজিব জানায়, ওই দিন বিদ্যালয়ে যাওয়ার পর প্রধান শিক্ষক তাঁর অফিসকক্ষে তাদের ডেকে নিয়ে বলেন, ‘তোরা স্কুলে এসে দুষ্টুমি করিস।’ এ কথা বলেই তিনি বেত দিয়ে তাদের পেটাতে থাকেন। একপর্যায়ে তিনি বিদ্যালয়ের ঘণ্টা বাজানোর হাতুড়ি দিয়ে তাদের পেটান।খবর পেয়ে রাজিবের মা রাজিয়া থেকে স্কুলে ছুটে এসে ছেলেকে রক্ষার চেষ্টা করেন। এ সময় প্রধান শিক্ষক আবদুল জব্বার তাঁকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ওই দুই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।গতকাল নিকলী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ আহত ওই দুই ছাত্রকে দেখতে যান। এ সময় তিনি এ প্রতিনিধিকে জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেওয়া হবে।নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে ওই দুই ছাত্রকে পেটানো হয়েছে।এ ব্যাপারে প্রধান শিক্ষক আবদুল জব্বার মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই দুই ছাত্র স্কুলে এসে দুষ্টুমি করত, তাই তাদের মেরেছি।’ গতকাল দুপুরে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’