হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলার কর্মকারপাড়ায় সেলিম মণ্ডল (২৮) নামের এক তরুণকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেলিম সরকার স্বর্ণালংকার কারখানার কারিগর এবং তাঁর বাড়ি বগুড়ার সদর থানার নিশিন্দারার উত্তরপাড়া এলাকায়। গত মঙ্গলবার রাত দেড়টায় ওই কারখানার মধ্যে এ ঘটনা ঘটে।নিহত সেলিমের ভাই শাহ সুলতান বাদী হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।পুলিশ গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটায় কারখানার ভেতর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এজাহারভুক্ত আসামি একই কারখানার আরেক কারিগর মানিক কর্মকারকে (৩০) গতকাল সকালে গ্রেপ্তার করেছে। তিনি ওই কারখানার গোপাল কর্মকারের শ্যালক।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মানিক পুলিশের কাছে স্বীকার করেছেন, মঙ্গলবার রাতে গয়না তৈরির সময় তাঁর সঙ্গে সেলিমের কথা-কাটাকাটি হয়েছে। এর জের ধরে ওই রাতেই তিনি হাতুড়ি দিয়ে সেলিমের মাথায় একাধিক আঘাত করেন।