হাতুড়িপেটা করে ব্যবসায়ীর পা ভাঙলেন ইউপি সদস্য?

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে গতকাল বুধবার হাতুড়িপেটায় একজন গাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। সরকারি জায়গায় লাগানো গাছের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ইউপি সদস্য তাঁকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ওই ব্যবসায়ীর নাম আইনুল ইসলাম (৩২)। তিনি উপজেলার আমলা ইউনিয়নের শাহাপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও মিরপুর উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক চাষী নজরুল ইসলামের ছেলে। আইনুল নিজেও জাসদের রাজনীতিতে সম্পৃক্ত। তিনি আমলা ইউনিয়ন যুবজোটের সাবেক আহ্বায়ক। গাছ কেনাবেচা করেন তিনি।
আইনুল মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল বেলা তিনটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, দোতলায় পুরুষ ওয়ার্ডে ১৬ নম্বর বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তিনি। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, সম্প্রতি তিনি, আমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য হাসমতসহ কয়েকজন মিলে শাহাপুর গ্রামের পাশে ক্যানেলের ধারে কয়েক প্রজাতির গাছ লাগান। এ গাছের মালিকানা নিয়ে একপর্যায়ে আইনুল ও হাসমত পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে আমলা ইউপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মধ্যস্থতা করে ক্যানেলের দুই পাশ ভাগ করে দেন। তারপরও হাসমত ক্ষিপ্ত ছিলেন। গতকাল সকালে তিনি (আইনুল) আমলা বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। হাসমত বেলা ১১টার দিকে চার-পাঁচটি মোটরসাইকেলযোগে এলাকার কামাল হোসেন, লুৎফর রহমানসহ ৮-১০ জনকে নিয়ে সেখানে হাজির হন। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের একজন অস্ত্র ঠেকিয়ে তাঁকে ভয় দেখান। হাসমত নিজে হাতুড়ি দিয়ে তাঁকে পেটাতে থাকেন। অন্যরা কাঠ ও হাতুড়ি দিয়ে তাঁর পা ও মাথায় আঘাত করেন। তাঁর চিৎকারের বাজারের লোকজন জড়ো হলে হামলাকারীরা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনুলের দুই পায়ে শক্ত কিছু দিয়ে পেটানো হয়েছে। বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। মাথায় আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে।
আইনুলকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য হাসমত আলী। তিনি বলেন, ঘটনার সময় তিনি ওই বাজারে ছিলেন না। তবে শাহাপুর গ্রামে ক্যানেলের ধারে আইনুলের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে গাছ লাগানোর কথা স্বীকার করেন তিনি।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুর থানা-পুলিশ কামাল হোসেনকে হাতুড়িসহ আটক করেছে।