হাতুড়ে ডাক্তার-কবিরাজদের প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় লোকজন হাতুড়ে ডাক্তার এবং কবিরাজদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন। তাঁদের কাছ থেকে কেনা ওষুধ খেয়ে মানুষের রোগ তো সারছেই না বরং তা আরও জটিল আকার ধারণ করছে। উপজেলার তারাগঞ্জ বাজার, ইকরচালী বাজার, বালাবাড়ী বাজার ও চিকলী বাজার ঘুরে দেখা গেছে, হাতুড়ে ডাক্তার-কবিরাজেরা মানুষকে আকৃষ্ট করতে নিজের নামের পাশে নানা রকম উপাধি ও ডিগ্রি জুড়ে দিয়েছেন। তাঁরা বিভিন্ন হাট-বাজার, বাসস্ট্যান্ড, রাস্তার পাশে পসরা সাজিয়ে ওষুধ বিক্রি করছেন। জানা গেছে, উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের নজরুল ইসলাম মাস তিনেক আগে তারাগঞ্জ বাজারে এক কবিরাজের বক্তৃতায় আকৃষ্ট হয়ে তাঁর স্ত্রীর শাহাজাদী খাতুনের পেটের ব্যথার ওষুধ নিয়েছিলেন ১০ টাকা দিয়ে। কিন্তু ওষুধ খাওয়ার পর তাঁর স্ত্রীর ডায়রিয়া দেখা দেয়। তারাগঞ্জ বাজারে গত সোমবার কথা হয় ওষুধের পসরা সাজিয়ে বসা সাইফুল ইসলামের সঙ্গে। তিনি দাবি করেন, পুরোনো বই পড়ে গাছ-গাছড়া, শিকড়-পাতা দিয়ে উন্নত জাতের ওষুধ তৈরি করে মানুষের চিকিৎসা করে আসছেন। তাঁর ওষুধ খেলে সব ধরনের রোগ ভালো হয়। পরে সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, ‘ভাই পেটের ধান্ধায় একটু-আধটু বাড়িয়ে বলতে হয়। আমার ওষুধ খেলে মানুষের উপকার না হলেও ক্ষতি হয় না।’ ইকরচালী বাজারে সাইফুল হক নামের এক ব্যক্তি এক শিশি ওষুধে সাত ধরনের অসুখ ভালো হওয়ার প্রচারণা চালাচ্ছিলেন। কীভাবে এতগুলো অসুখ ভালো হওয়া সম্ভব—এ কথা জিজ্ঞেস করতেই তিনি সটকে পড়েন। তারাগঞ্জ হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান জানান, হাট-বাজারের এসব হাতুড়ে চিকিৎসক-কবিরাজের ওষুধে উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে। তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এসব কবিরাজের বিরুদ্ধে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।