হাতুড়ে ডাক্তার দিয়ে টনসিলে অস্ত্রোপচার!
দালালের খপ্পরে পড়ে একটি বেসরকারি হাসপাতালে টনসিলে অস্ত্রোপচার করে মৃত্যুর সঙ্গে লড়ছেন মানিকগঞ্জের সিঙ্গাইরের পূর্ব বাস্তা গ্রামের আতাউল হক (৪৫)। তাঁরা অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আদৌ কোনো নাক-কান–গলা রোগ বিশেষজ্ঞ তাঁর টনসিলে অস্ত্রোপচার করেছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আতাউল ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি এলাকাতেই রাস্তার পাশে বসে সবজি বিক্রি করেন। আতাউলের চাচা রমজান আলী বলেন, তাঁর ভাতিজা আতাউলের টনসিলে (গলদেশের গ্রন্থিবিশেষ) ব্যথা অনুভব হলে স্বজনেরা তাঁকে প্রথমে সাভারের নাক-কান–গলা বিশেষজ্ঞ আব্বাস উদ্দিনের কাছে নিয়ে যান। তিনি পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে চিকিৎসা দেন। সেই অনুযায়ী তিনি ওষুধ সেবন করছিলেন। তাতে ব্যথা না কমায় স্থানীয় লাবু নামে এক ব্যক্তির পরামর্শে গত বুধবার তাঁকে সাভারের হেমায়েতপুরের হিলিং এইড নামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর টনসিল অপসারণের পরামর্শ দেন। যদিও চিকিৎসক আব্বাস শারীরিক অযোগ্যতার কারণ দেখিয়ে আতাউলের টনসিলে অস্ত্রোপচারে অপারগতা প্রকাশ করেছিলেন।
রমজান বলেন, গত বুধবার বিকেল চারটার দিকে তাঁকে হিলিং এইড হাসপাতালে ভর্তি করা হয়। রাত নয়টার দিকে তাঁর টনসিলে অস্ত্রোপচার করা হয়। রাত ১২টার দিকে চিকিৎসকেরা অস্ত্রোপচার কক্ষ থেকে বের হয়ে আতাউলের অবস্থা ভালো নয় বলে জানান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ রাতেই অচেতন অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেই দিন থেকেই তিনি এনামের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিও) চিকিৎসাধীন রয়েছেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদের বলেন, আতাউলের অবস্থা সংকটাপন্ন। তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।’
গতকাল শুক্রবার যোগাযোগ করা হলে হিলিং এইড হাসপাতালের ব্যবস্থাপক হোসাইন মোহাম্মদ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরনাক-কান–গলা রোগ বিশেষজ্ঞ রকিবুল আলম তাঁর (আতাউল) টনসিলে অস্ত্রোপচার করেন। এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হোসাইন মোহাম্মদের দেওয়া মুঠোফোন নম্বরে চিকিৎসক রকিবুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি নাক-কান–গলা রোগ বিশেষজ্ঞ, তবে হিলিং এইড নামে কোনো হাসপাতাল চিনি না। ওই হাসপাতালে কোনো রোগীর টনসিলে অস্ত্রোপচার করিনি। এ ছাড়া আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো চিকিৎসক নই, কখনো ছিলামও না। আমাকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে ওএসডি করে রাখা হয়েছে।’
গতকাল দুপুরে হিলিং এইড হাসপাতালে গিয়ে ব্যবস্থাপক হোসাইন মোহাম্মদ ছাড়া কোনো চিকিৎসক বা আর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ সময় বিলবোর্ডে অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নামের পাশে রকিবুল আলমের নামও দেখা যায়। দ্বিতল ভবনের ওই হাসপাতালের নিচতলায় রকিবুল আলমের নামে একটি কক্ষও (চেম্বার) রয়েছে। গতকাল ওই কক্ষ বন্ধ ছিল।
রকিবুল আলমের ভুল পরিচয় উপস্থাপন এবং তাঁর (রকিবুল) অস্ত্রোপচার করার কথা অস্বীকার করা প্রসঙ্গে ব্যবস্থাপক হোসাইন মোহাম্মদ বলেন, তাঁদের কাছে প্রমাণ রয়েছে। তবে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
এ সময় হাসপাতালে উপস্থিত আতাউলের ছোট ভাই আলতাফ হোসেন বলেন, হিলিং এইড হাসপাতাল কর্তৃপক্ষ ভুয়া পরিচয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে তাঁর ভাইয়ের টনসিলে অস্ত্রোপচার করেছে। এ কারণে তাঁর ভাই আজ মৃত্যুর মুখোমুখি। এ ব্যাপারে তাঁরা ওই হাসপাতালের বিরুদ্ধে মামলা করবেন।
মুঠোফোনে যোগাযোগ করে হাসপাতালটির অনুমোদন আছে কি না, জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান দন্তরোগ বিশেষজ্ঞ (বিলবোর্ড অনুযায়ী) সোয়েম সামাদ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, ‘আমাদের সব ঠিক আছে, কাল আসেন, দেখাব।’