হাতে আধপোড়া বই, চোখে জল
খড়ের গাদা থেকে আগুনটা বসতঘর অবধি ছড়িয়ে পড়ে! সবকিছু পুড়তে পুড়তে একসময় নিভেও যায়। ছাই-ভস্মের মাঝে মূল্যবান কিছু হাতড়ে ফিরছিল লোকজন। তাদের দলে একটি শিশুও ছিল। খুঁজতে খুঁজতে শিশুটি একসময় ছাইয়ের নিচ থেকে আধপোড়া কয়খানা বই বের করে আনে।বইগুলো দেখে চোখ বেয়ে পানির ধারা নামে শিশুটির। নাম তার মাসুদ রানা। সে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরঙ্গী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। প্রথম সাময়িক পরীক্ষা চলছিল তার। গত সোমবার দুপুরে সনগাঁও কুয়াটোল গ্রামে আগুন লেগে ৫০টি বাড়ি পুড়ে যায়। এর মধ্যে মাসুদ রানাদের বাড়িটিও ছিল।ক্ষতিগ্রস্ত কয়েকজন জানান, বেলা দেড়টার দিকে লাবলুর খড়ের গাদায় আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর পেয়ে ৪০ মিনিট পর বালিয়াডাঙ্গী ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।গতকাল মঙ্গলবার সকালে কুয়াটোল গ্রামে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে বসে আছে। কেউ কেউ ছাইয়ের জঞ্জাল সরাচ্ছেন। পুড়ে যাওয়া টিন দিয়ে ছাপড়া বানিয়ে মাথা গোঁজার ঠাঁই করেছে কয়েকটি পরিবার। ওই সময় একটি বাড়ির উঠানে ট্রাংক থেকে জ্বলন্ত কিছু একটা দেখিয়ে আহাজারি করছিলেন হোটেল-শ্রমিক তরিকুল ইসলাম। জমানো সব টাকা হারিয়ে তিনি এখন দিশেহারা। পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী সুফিয়া বেগম। তিনি জানান, হোটেলে শ্রম দিয়ে প্রায় ২৫ হাজার টাকা জমিয়েছিলেন তাঁর স্বামী। আগুনে তা পুড়ে গেছে। সঙ্গে পুড়েছে ৩০ মণ গম ও চার বস্তা চাল।বালিয়াডাঙ্গীর ইউএনও মনিরুজ্জামান জানান, তিনি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হবে।