বিজ্ঞানের নানা রকম যন্ত্র দেখে শেখা হয়েছে এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুই শতাধিক শিক্ষার্থীর। গ্রামের শিক্ষার্থীদের বিজ্ঞান পাঠে সচেতন করতে গতকাল শনিবার চুনারুঘাটের ৫০টি উচ্চবিদ্যালয়ে ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী একাত্ম হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান পাঠের পর ৩০ জনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাদানের মান উন্নয়নবিষয়ক প্রকল্পের আওতায় হাতে-কলমে বিজ্ঞান শেখার কর্মসূচি ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ শুরু হয় সিলেট থেকে। জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে এ কর্মসূচির সূচনা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কর্মতৎপরতায় ২০১১ সালের ১৬ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হয়েছিল। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু এ কর্মসূচি শহর ও গ্রামের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয়েছে। গতকাল দশম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ৫০টি উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানের হাতে-কলমে পাঠ দেওয়া হয়। বিদ্যালয় সূত্র জানায়, দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিজ্ঞানের ১২টি অভিজ্ঞতা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের এ পাঠ-অভিজ্ঞতা পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিন, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান ও হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। বিকেলে লটারির মাধ্যমে ৩০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। এ সময় ৫০টি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সামসুজ্জামান উপস্থিত ছিলেন।