হাতে-কলমে শিক্ষা বাধ্যতামূলক করতে রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুুর রহমান সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি তাদের পাঠ্যক্রমে হাতে-কলমে শিক্ষাকে বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে হবে, যাতে তারা কেবল বইনির্ভর শিক্ষাই নয়, বরং বাস্তব জ্ঞান অর্জন করতে পারে। আমাদের তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বাস্তব জ্ঞানার্জনের জন্য শীতাতপনিয়ন্ত্রিত শ্রেণীকক্ষের বাইরে এসে সাধারণ মানুষের জীবনযাত্রা উপলব্ধি করতে হবে। জানতে হবে তাদের আনন্দ-বেদনার কথা।’ গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ১১তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে, কোনো অবস্থায়ই উচ্চশিক্ষাকে বইয়ের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না।’ দেশে উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি ৫০টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সক্রিয় হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘জাতির বৃহত্তর স্বার্থে শিক্ষা যাতে পণ্যে পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গবেষণাগার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড, শারীরিক শিক্ষা ও খেলাধুলার জন্য অবকাঠামো থাকতে হবে।সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এক হাজার ৫৩৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিন শিক্ষার্থী চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান। বক্তৃতা করেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আবেদীন ও এআইইউবির উপাচার্য কারমেন জেড লামাগনা।