হাতে-কলমে ‘সড়ক নিরাপত্তা’ পাঠ নিল শিক্ষার্থীরা
সড়কে নিরাপদে চলাচলের জন্য সিলেটে শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চবিদ্যালয় থেকে ‘সড়ক নিরাপত্তা সচেতনতা নির্দেশিকা’ কর্মসূচির শুরু করা হয়। কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে ট্রাফিক সংকেত সম্পর্কে সচেতন করা হয়।‘সচেতনতাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করবে’—এ স্লোগান সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটারি ক্লাব অব সিলেট সানশাইন’।আয়োজকেরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কমপক্ষে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের এ সড়ক দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। তাই দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশ বিভাগের সহযোগিতায় এ কর্মসূচি শুরু করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. শফিকুর রহমান চৌধুরী ও সিলেটের পুলিশ সুপার (এসপি) শাখাওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান, মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চবিদ্যালয় কমিটির সভাপতি এ কে এম গৌছ উদ্দিন প্রমুখ।