হাতে কাজ নেই উত্তরের কৃষিশ্রমিকদের ছুটছেন দক্ষিণে

খেতের আলু তোলা-গমমাড়াই শেষ হয়েছে বেশ কয়েক দিন হলো। খেতের বোরো ধান পাকতে আরও মাস দেড়েক বাকি। ফলে ঠাকুরগাঁওয়ের কৃষিশ্রমিকদের হাতে তেমন কোনো কাজ নেই। এখন দক্ষিণের জেলাগুলোতে শুরু হয়েছে নতুন ধান কাটার উৎসব। চলছে মাড়াই। ধান কাটা, মাড়াই করে শুকানোর পর গোলায় তুলে রাখতে কৃষকেরা খুব ব্যস্ত। এ কারণে উত্তরের কৃষিশ্রমিকেরা দলবেঁধে ছুটছেন দক্ষিণে।
ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়কে কুমিল্লাগামী সাতটি বাস কাউন্টার রয়েছে। গতকাল রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, হাতে কাস্তে, বাহুংকা আর ব্যাগ নিয়ে বাসের অপেক্ষায় বিভিন্ন বয়সের কয়েক শ মানুষ। তাঁরা কম ভাড়ায় গন্তব্যে যেতে পরিবহন শ্রমিকদের সঙ্গে দর-কষাকষি করছেন।
এ সময় কথা হয় কয়েকজন কৃষিশ্রমিকের সঙ্গে। তাঁরা বলেন, কদিন হলো ধান লাগানোর কাজ শেষ হয়েছে। সেই ধান উঠতে আরও দেরি আছে। এ সময় কৃষিশ্রমিকদের হাতে কাজ থাকে না। তাই কাজের খোঁজে প্রতিদিন হাজার হাজার শ্রমিক ছুটছেন দেশের বিভিন্ন এলাকায়। কোথাও ধান কাটার খবর পেলেই দলবেঁধে ছুটে যান সেখানে। মাস খানেক কাজ করার পর আবার ফিরে আসেন বাড়িতে।
রানীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামের রমিজ আলী ও আসাদুল হক বলেন, ‘ছিটোত বসি কুমিল্লা গেইলে ৭৫০-৮০০ টাকা। আর ছাদোত গেইলে অর্ধেকেরও কম লাগে। সেই জন্য হামরা ছাদোত ২০০-২৫০ টাকায় যাই।’
বালিয়াডাঙ্গীর পাড়িয়া গ্রামের রজনীকান্ত বলেন, ধান কাটার মৌসুমে রোজগারের এ সুযোগ তাঁরা হাতছাড়া করতে রাজি নন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের চেয়ে দক্ষিণে কাজ করে বেশি মজুরি পাওয়া যায়।
কয়েকজন কৃষিশ্রমিকদের কাছ থেকে জানা গেছে, চুক্তিভিত্তিক ধান কেটে প্রতি বিঘায় তাঁরা ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পান। মাস শেষে ১০ থেকে ১২ হাজার টাকা আসে। এই কাজ পেতে দালালকে ২০০-৩০০ টাকা করে দিয়েও তাঁদের হাতে অনেক টাকা থাকে।
এশিয়া লাইন বাসের কাউন্টার ব্যবস্থাপক রুহুল আমীন বলেন, ‘সপ্তাহ খানেক থেকে যাত্রীদের খুব চাপ যাচ্ছে। স্বাভাবিক সময়ে কুমিল্লার ভাড়া ৮০০ টাকা রাখলেও মজুরদের জন্য একটু ছাড় দিচ্ছি। মজুরদের দুই সিটে তিনজন বসার সুযোগ থাকছে। তিনজনের ভাড়া রাখছি দেড় হাজার টাকা। অনেকেই বাসের ছাদে ভ্রমণ করতে যান। তবে পুলিশের ঝামেলার কারণে ছাদে যাত্রী নেওয়ায় খুব একটা আগ্রহ দেখাই না।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, এ অঞ্চলের তুলনায় দক্ষিণে কিছুটা শীত কম পড়ে। আবার দক্ষিণে মে মাসের দিকে জমিতে পানি জমতে শুরু করে। এ কারণে দক্ষিণের লোকজন নভেম্বর-ডিসেম্বর মাসে জমিতে আগাম বোরো ধান লাগান। সেসব ধান এখন উঠতে শুরু করেছে। তাই উত্তরের কৃষিশ্রমিকেরা কাজের খোঁজে ছুটছেন দক্ষিণে।