হাতে খাল খনন, ব্যয় ২৩ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া খাল খননে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দুই তীরের মাটি চেঁছে দায়সারা কাজ করছে এবং দরপত্রের শর্তানুযায়ী খালটি যতটুকু গভীর করার কথা, তা করছেন না। এভাবে নামমাত্র কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান খননের জন্য বরাদ্দ হওয়া টাকা লুটপাট করবে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা এ অনিয়মের প্রতিবাদে গত শনিবার উপজেলার বরিয়ালী ও মোল্লাপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া খালটি পলি পড়ে কয়েক বছর আগে ভরাট হয়ে যায়। এতে পাঁচ বছর ধরে ওই ইউনিয়নের পাঁচটি গ্রামের তিন হাজার কৃষক সেচ-সংকটের কারণে বোরোর চাষ করতে পারছেন না। বরিয়ালী গ্রামের মো. জালাল উদ্দিন, মো. হেমায়েত উদ্দিন ও আলী হাসান জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বরিশাল কার্যালয় খালটি খননের জন্য ২০১০-১১ অর্থবছরে একটি প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় বরিয়ালী ওয়াপদা থেকে মোল্লাপাড়া খালের মোল্লাপাড়া অংশের সংযোগ মুখ পর্যন্ত দেড় কিলোমিটার খননে ২৩ লাখ টাকা ব্যয় ধরা হয়। গত বছরের ২৬ নভেম্বর এই কাজের দরপত্র আহ্বান করা হয়। ডিসেম্বর মাসে মেসার্স নেছা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়। প্রতিষ্ঠানটি ১ মার্চ থেকে খাল খননের কাজ শুরু করে। ৩১ মার্চের মধ্যে এই কাজ শেষ করার কথা।নাম প্রকাশ না করার শর্তে বিএডিসির বরিশাল কার্যালয়ের এক কর্মকর্তা জানান, প্রকল্পটি বাস্তবায়নের নিয়ম অনুযায়ী খালটির তলদেশে ১৩ ফুট এবং পাশে সাড়ে চার ফুট গভীর করার কথা আছে। গত সোমবার সরেজমিন বারোহাজার, মোল্লাপাড়া, মিস্ত্রিপাড়া, বরিয়ালীসহ বিভিন্ন স্থানে গিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে। এসব স্থানে খননকাজের কোনো চিহ্ন নেই। কয়েক স্থানে খালের দুই পাশে মাটি চেঁছে ফেলে রাখা হয়েছে।স্থানীয় বেল্লাল হোসেনসহ কয়েকজন অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান খালটির কোনো খননকাজই করেনি। প্রতিষ্ঠানটি শুধু খালের দুই পাশের মাটি চেঁছে (লেবেল করে) ঢাল নামিয়ে দিয়েছে। মাঝেমধ্যে খালের ওপরের অংশে কাঁদামাটি হাত দিয়ে উঠিয়ে কোনো রকম দায়সারাভাবে কাজ শেষ করে।এলাকাবাসী জানান, গত ২৫ মার্চ তাঁরা বিএডিসির উচ্চতর উপসহকারী প্রকৌশলী মতিলাল রায়ের বরাবর খাল খননে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরও ব্যবস্থা না নেওয়ায় ২ এপ্রিল সকালে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েক হাজার কৃষক জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নেছা কনস্ট্রাকশনের মালিক মো. রুবেল হোসেন বলেন, অভিযোগ সত্য নয়। ওই এলাকার কতিপয় লোক অনৈতিক সুবিধা দাবি করে না পেয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।বিএডিসির বরিশাল কার্যালয়ের উচ্চতর উপসহকারী প্রকৌশলী মতিলাল রায় বলেন, কৃষকদের অভিযোগের সত্যতা রয়েছে। খননকাজ প্রায় শেষ। ঠিকাদারকে সঠিকভাবে কাজ করতে বলা হয়েছে। কাজ না করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।