হাতে খেলনা, লড়াই ক্যানসারের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৭ নম্বর ওয়ার্ডের বারান্দায় আশিক প্লে সেন্টারে খেলা করছে শিশুরা। এদের অনেকেই ক্যানসার আক্রান্ত। হাসপাতালে খেলনা পেয়ে কিছু সময়ের জন্য হলেও রোগযন্ত্রণা ভুলে গেছে তারা l ছবি: হাসান রাজা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৭ নম্বর ওয়ার্ডের বারান্দায় আশিক প্লে সেন্টারে খেলা করছে শিশুরা। এদের অনেকেই ক্যানসার আক্রান্ত। হাসপাতালে খেলনা পেয়ে কিছু সময়ের জন্য হলেও রোগযন্ত্রণা ভুলে গেছে তারা l ছবি: হাসান রাজা

মুখে মাস্ক, হাতে ক্যানোলা লাগানো (আবার কেমোথেরাপির সময় ইনজেকশন দেওয়ার জন্য) শিশুরা মগ্ন হয়ে খেলছে। ডান হাত ক্যানোলার জন্য নাড়ানো যাচ্ছে না, তাই বাঁ হাতেই বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছে একজন। আরেকজন একটি খেলনা নিয়ে বসে আছে আনমনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৭ নম্বর ওয়ার্ডের বারান্দায় জনা বিশেক শিশু আপন মনে মেতে উঠেছে খেলাধুলায়। এদের বেশির ভাগই ক্যানসারে আক্রান্ত।
হাসপাতালে ভর্তি শিশু সারাক্ষণ ওয়ার্ডে বন্দী থাকবে, তা তো হতে পারে না। চিকিৎসার পাশাপাশি ওরা যাতে পছন্দমতো খেলনা দিয়ে একটু খেলতে পারে, কিছুক্ষণের জন্য হলেও শরীরের যন্ত্রণা ভুলতে পারে, তাই একটু খেলার জায়গা চাই। তাই ওয়ার্ডের বারান্দার এক চিলতে জায়গায় আশিক প্লে সেন্টার। যার চারপাশ খেলনা আর ছবি দিয়ে সাজানো। নয় বছর বয়সী সবুজের ছোট্ট শরীরটিতে বাসা বেঁধেছে ক্যানসার। যশোরে বাড়ি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত মাস ধরে তার চিকিৎসা চলছে। ঢাকা ও যশোর আসা-যাওয়ার মধ্যে থাকতে হয় সবুজকে। এবার হাসপাতালে ভর্তি আছে ১০ দিন ধরে। হাতে ক্যানোলা লাগানো। আশিক প্লে সেন্টারে কখন খেলতে আসো—এ প্রশ্নে এক গাল হেসে বলল, ‘কেমো (কেমোথেরাপি) শেষ হইলেই খেলতে আসি।’ প্লে সেন্টারে অনেক খেলনার মধ্যে তার ফিশিং গেমটাই বেশি পছন্দের।
দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া কুমিল্লার তামান্নার পছন্দ গাড়ি। ব্লাড ক্যানসারে আক্রান্ত এই শিশুও জানিয়ে দিল, এই গাড়ি কিন্তু যেই সেই গাড়ি না। গাড়িতে নিজে বসে নিজেই চালানো যায়। ১১ বছর বয়সী সাইফুলের ক্যারম পছন্দ। সেন্টারে খেলতে আসা অন্যরাও রোবট, পিয়ানো, পান্ডা, পুতুল—কার কী পছন্দ তা জানাতে থাকে। ১১ বছর বয়সী সাব্বির জানাল, কেমোথেরাপি দেওয়ার আগেই মাকে বলা থাকে, যাতে কেমো শেষ হলেই তাকে খেলতে নিয়ে আসে। মায়েরা তাই করেন। খেলতে গিয়ে শিশুরা কিছুক্ষণের মধ্যেই ভুলে যায় তাদের কষ্টের কথা, যন্ত্রণার কথা। পাশেই বসা মায়েরা সন্তানের মুখে হাসি দেখে ক্ষণিকের জন্য ভুলে যান তাঁর সন্তানের শরীরে বাসা বেঁধেছে ঘাতক ক্যানসার। সেন্টারে বসা মাত্র দেড় বছর বয়সী জেবার মা ফরিদা, আট বছর বয়সী দাউদের মা মরিয়ম, তামান্নার মা রেহানা বেগম তাঁদের স্বস্তির কথা জানালেন। শিশুরা খেলায় মগ্ন হয়ে গেলে মায়েরা বসে সুখ-দুঃখের গল্প করেন। তাঁদের সবার গল্পটাও যে একই রকম।
আশিক প্লে সেন্টার শুরুর কথা জানালেন আশিক ফাউন্ডেশনের চেয়ারপারসন সালমা চৌধুরী। আফজাল হোসেন চৌধুরী ও সালমা চৌধুরীর ছেলে আশিক হোসেন চৌধুরী ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে যায় মাত্র তিন বছর বয়সে। ১৯৯৩ সালে লন্ডনে চিকিৎসা করেও আশিককে বাঁচানো যায়নি। তবে আশিককে চিকিৎসা করাতে গিয়ে এই দম্পতির যে অভিজ্ঞতা হয়েছে, তাকে সম্বল করেই পারিবারিক উদ্যোগে ১৯৯৪ সালে শুরু করেন আশিক ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনেরই একটি প্রকল্প আশিক প্লে সেন্টার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও সিলেট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে এ প্রকল্প। প্রকল্পের মূল কথা ‘হেল্প আ চাইল্ড স্মাইল’।
১৯৯৭ সাল থেকে শিশুদের সঙ্গে খেলা, খাবার দেওয়া, প্রতিদিন ওয়ার্ডে গিয়ে অভিভাবকদের ক্যানসার সম্পর্কে সচেতন করা, প্রতিদিন কতজন শিশু খেলতে আসছে তাদের নাম লিখে রাখা, নতুন শিশুদের ছবি তুলে রাখাসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন জ্যোৎস্না রানী মণ্ডল। শুক্রবার বন্ধ থাকে সেন্টারটি। প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এখানে শিশুরা খেলার সুযোগ পায়।
জ্যোৎস্না রানী জানালেন, ক্যানসারে আক্রান্ত শিশু ছাড়া অন্য শিশুরাও খেলতে আসে। তবে অনেক অভিভাবক সেন্টারে এসে যখন দেখেন, বেশির ভাগ বাচ্চা ক্যানসারে আক্রান্ত, তখন অনেকেই আস্তে করে নিজের সন্তানকে নিয়ে চলে যেতে চান। তখন অভিভাবকদের ডেকে বলা হয়, ক্যানসার ছোঁয়াচে নয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্লে সেন্টারটির শুরু থেকেই হাসপাতালের পক্ষ থেকে দেখভাল করছেন। তিনি বলেন, কিছু সময়ের জন্য শিশুরা খেলায় মেতে উঠে অসুখের কথা ভুলে যাচ্ছে। এই ভুলে যাওয়াটাই বা কম কী।