হাতে ফুল, মুখে মিষ্টি দিয়ে অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তথ্য ভেরিফিকেশন (যাচাই-বাছাই) করতে গিয়ে অভিভাবকদের হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন জানিয়েছে ঠাকুরগাঁও পুলিশ প্রশাসন। এর আগে গত বৃহস্পতিবার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ এক প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে এমনটি করেছে পাবনা জেলা পুলিশ।
ঠাকুরগাঁও পুলিশ সূত্রে জানা গেছে, ৩৫তম বিসিএস পরীক্ষায় জেলায় ২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হলে পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েকটি দলে ভাগ করে ভেরিফিকেশনের টিম তৈরি করে নেন। নিজেও দায়িত্ব নেন একটি টিমের।
তথ্য ভেরিফিকেশন করতে গিয়ে পুলিশের ওই টিম গত শুক্রবার রাতে বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের অভিভাবকদের হাতে ফুল ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান।
ঠাকুরগাঁও শহরের বসিরপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে মাহাবুব হাসান ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়েছেন। গত শুক্রবার রাত নয়টার দিকে তাঁদের বাড়িতে হাজির হয় পুলিশ ভেরিফিকেশনের টিম। পুলিশের হাতে ফুল ও মিষ্টি দেখে হকচকিয়ে যান হামিদুর রহমান। পরে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ তাঁকে বলেন, ‘আপনার ছেলে বিসিএসে উত্তীর্ণ হয়েছে। এটা আমাদের গর্বের বিষয়। তাই আপনাদের অভিনন্দন জানাতে এসেছি।’ এরপর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তিনি ফুল ও মিষ্টির প্যাকেটটি হামিদুর রহমানের হাতে তুলে দেন।
হামিদুর রহমান বলেন, ‘আমাদের কাছে পুলিশ ভেরিফিকেশন মানেই ছিল হয়রানি। মোটা অঙ্কের টাকার লেনদেন। এখন দেখছি সে ধারণা ঠিক নয়। ভেরিফিকেশনে আসা পুলিশের কাছ থেকে উপহার পেয়ে অবাক হয়েছি।’
সদর উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের সহরাব আলীর মেয়ে সাবিনা ইসলামও ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়েছেন। তিনি বলেন, ‘ভেরিফিকেশনে এসে পুলিশ সদস্যরা ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এমন ঘটনা এর আগে কখনো দেখিনি। পুলিশের এমন উদ্যোগ, পুলিশ সম্পর্কে আমার ধারণাটা পাল্টে দিয়েছে।’
দেওয়ান লালন আহমেদ বলেন, ‘পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। সেই ধারণা পাল্টে দিতে কাজ করে যাচ্ছি।’
এ বিষয়ে ফারহাত আহমেদ বলেন, ‘যাঁরা বিসিএসে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের সম্মানিত করতে এ উদ্যোগ নিয়েছি। এ সামান্য কাজটি করতে গিয়ে পুলিশের প্রতি মানুষের যে ভালোবাসা দেখা গেছে, তা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।’