হাতে মাত্র ৩ দিন, সরানোর লক্ষণ নেই

পুরান ঢাকার ইসলামবাগের মেসার্স বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রি সরিয়ে নেওয়ার জন্য মালিকদের হাতে আর তিন দিন সময় আছে। কারখানাটি আবাসিক এলাকায় চলছে। মাত্রাতিরিক্ত শব্দদূষণের অভিযোগে পরিবেশ অধিদপ্তর এটি সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেয়।
এ এলাকায় অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, পলিথিনসহ নানা ছোট কারখানা চালু আছে। এতে শব্দদূষণ, কম্পন সৃষ্টি ও তেজস্ক্রিয় গ্যাস এলাকায় ছড়িয়ে পড়ে বলে বাসিন্দারা অভিযোগ করে আসছে।
কারখানার পাশে ইসলামবাগ মডেল স্কুল ও বর্ণমালা পাঠশালা। এই দুই প্রতিষ্ঠানও কারখানা সরিয়ে নেওয়ার আবেদন করেছে।
বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রি সরিয়ে নেওয়ার দাবি তোলায় স্থানীয় পাঁচ ব্যক্তির বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা করেন কারখানার এক মালিক। তবু আন্দোলন থেকে পিছু হটেননি স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার লালবাগের পোস্তার মোড়ে মানববন্ধনও করেছেন তাঁরা। এতে ইসলামবাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেয়। মানববন্ধন থেকে ২৯ নভেম্বরের মধ্যে কারখানা স্থানান্তর না হলে আরও জোরালো আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানায় যখন অ্যালুমিনিয়ামের প্লেটগুলো চ্যাপ্টা করা হয়, তখন তীব্র শব্দ হয়। কারখানার চারপাশের বাড়িগুলোতেও কম্পনের সৃষ্টি হয়। ক্রমাগত কম্পনের ফলে অনেক বাড়িতে ফাটলও ধরেছে। এ ছাড়া কারখানা চলার সময় গ্যাস নিঃসরণ হয় এবং অনেকের শ্বাসকষ্ট হয় বলে থানায় অভিযোগও করা হয়।
গত শুক্রবার গিয়ে দেখা যায়, বড় তিনটি যন্ত্রের মাধ্যমে অ্যালুমিনিয়ামের পুরু পাত চ্যাপ্টা করছেন শ্রমিকেরা। তীব্র শব্দ হচ্ছে। কারখানার পশ্চিম দেয়াল ঘেঁষে বর্ণমালা পাঠশালা। পাশেই ইসলামবাগ মডেল স্কুল। বর্ণমালা পাঠশালার পূর্ব পাশের দেয়াল ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন। আশপাশের বাসাবাড়ির নিচেও অব্যবহৃত পলিথিন, প্লাস্টিক প্রক্রিয়াজাত করা হচ্ছে। বাতাসে রাসায়নিকের প্রকট গন্ধ।
বর্ণমালা পাঠশালার প্রধান শিক্ষক সোহরাব হোসেন কাজী বলেন, কারখানা চালু করলে স্কুল ভবনটি কাঁপে। কালো ধোঁয়া সরাসরি শ্রেণিকক্ষে ঢোকে। দরজা-জানালা বন্ধ করে রাখলেও কাজ হয় না। শিক্ষার্থীদের শ্বাসকষ্ট হয়। বিষয়টি কারখানার মালিকদের একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তাঁরা গুরুত্বই দিচ্ছেন না।
চকবাজার থানায় অভিযোগকারী আইনুদ্দিনের বাড়ির দেয়াল ঘেঁষে এ কারখানা। সাধারণ ডায়েরিতে তিনি বলেছেন, ‘কয়েক দিন আগে আমার স্ত্রীর সিজারিয়ান অপারেশনে বাচ্চা প্রসব করে। কম্পনের কারণে আমার স্ত্রী ও নবজাতক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এ ছাড়া ভূকম্পনের ফলে আমাদের বিল্ডিং ধসে পড়ে জানমালের মারাত্মক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।’
থানায় আরও যাঁরা সাধারণ ডায়েরি করেছেন, তাঁরা হলেন ইসলামবাগের বাসিন্দা জামাল উদ্দিন, মো. সেলিম, জাবেদ হোসেন, আবদুর রশিদ, শহীদুল ইসলাম, আবদুর রহমান, নজরুল ইসলাম, দীন মোহাম্মদ, আয়নাল জমিদার, সাগর হোসেন প্রমুখ।
কারখানা উচ্ছেদের দাবিতে আন্দোলনকারী আয়নাল জমিদার ও তাঁর তিন ভাই এবং ভগ্নিপতির বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন কারখানার মালিক সাইফুদ্দিনের ভাই জহির উদ্দিন।
১৯৮২ সালে ১৪ নম্বর ইসলামবাগে এই কারখানা স্থাপন করা হয়। ১৬ বছর পর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়। শুরুতে কারখানাটির পরিসর ছোট ছিল, এখন এটি অনেক বড়। বাসিন্দারা জানান, রাতে যখন অব্যবহৃত বা ভাঙা অ্যালুমিনিয়াম গ্যাস দিয়ে গালানো হয়, তখন তীব্র গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। কালো ধোঁয়াও ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে কারখানাটি সরিয়ে নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের কাছে আবেদন করেন স্থানীয় বাসিন্দারা। এ আবেদনে মহল্লার ৪২ জন ব্যক্তি স্বাক্ষর করেন। ১৩ ফেব্রুয়ারি কাউন্সিলর কার্যালয়ে এক সালিসে সব অভিযোগ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন কারখানাটির অন্যতম মালিক মো. সাইফুদ্দীন। শব্দ ও কাঁপুনি কমানোর জন্য ব্যবস্থা নেওয়ার লিখিত অঙ্গীকার করেন, অন্যথায় দুই মাসের মধ্যে কারখানাটি স্থানান্তর করা হবে বলে জানান।
ইসলামবাগের বাসিন্দা দীন মোহাম্মদ বলেন, এ অঙ্গীকার করার কয়েক দিন পর আরও বড় বড় দুটি যন্ত্র বসান সাইফুদ্দিন। এতে শব্দদূষণ আরও বেড়ে যায়। তাই ১৯ ফেব্রুয়ারি ও ১১ মে পরিবেশ অধিদপ্তরে পৃথক চিঠি দেয় এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর মহল্লাবাসী ও ইসলামবাগ সদর মসজিদের (ছাতা মসজিদ) পক্ষে পুলিশের লালবাগ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ডিএসসিসির অঞ্চল-৩, চকবাজার থানায় আবেদন করা হয়।
এ অবস্থায় কারখানা পরিদর্শন করে ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম কারখানাটির ট্রেড লাইসেন্স বাতিল করতে ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেন। ৩০ অক্টোবর কারখানা পরিদর্শন করেন ডিএসসিসির অঞ্চল-৩–এর স্বাস্থ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) মোয়াজ্জেম হোসেন খান। তিনি জানান, কারখানাটির ট্রেড লাইসেন্স তাৎক্ষণিক দেখাতে পারেনি মালিকপক্ষ।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদনের পর গত ২৬ আগস্ট কারখানাটি পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা। এর চার দিন পর অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, মেসার্স বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রিজ নামের কারখানাটি থেকে সৃষ্ট শব্দের মাত্রা ওই এলাকার জন্য প্রযোজ্য সীমা অতিক্রম করেছে। আইন অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ। চিঠিতে বলা হয়, কারখানাটি শব্দের মানমাত্রা ৫৫ ডেসিবেলের মধ্যে নামিয়ে আনতে পারেনি। তাই ২৯ নভেম্বরের মধ্যে এটিকে আবাসিক এলাকা থেকে কোনো শিল্পসমৃদ্ধ এলাকায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।
জানতে চাইলে মেসার্স বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রির অন্যতম মালিক সাইফুদ্দিন বলেন, ‘আমার কারখানা থেকে শব্দদূষণ হয় না। পরিবেশেরও ক্ষতি করে না। মহল্লার কিছু লোক আমাদের পেছনে লেগে আছে। বিষয়টি গত ২০ নভেম্বর পরিবেশ অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে।’
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগরের পরিচালক মাসুদ ইকবাল মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কারখানাটি না সরালে মালিকদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। সঠিক জবাব না পেলে আইনানুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থাটি কী, জানতে চাইলে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে, পাশাপাশি জেল-জরিমানা করার বিধান আছে।