
সুশিক্ষা গ্রহণ করি/ জঙ্গিবাদ ধ্বংস করি’—এই ছিল বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের হাজারো শিক্ষার্থীর প্রতিবাদের ভাষা। গতকাল শনিবার সকালে মিরপুর ১৩ নম্বর সেকশনের প্রধান সড়কে নেমে আসে তারা। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আয়োজন করে দীর্ঘ এক মানববন্ধনের।
এ সময় কারও হাতে ছিল নানা রঙের প্ল্যাকার্ড, কারও হাতে ছিল ব্যানার। এ ছাড়া সবার মাথায় ছিল প্রতিবাদী ভাষায় লেখা কাগজের টুপি। তবে যেসব শিক্ষার্থীর কাছে প্ল্যাকার্ড ছিল না, তারাও হাত উঁচিয়ে শপথ নিয়েছে জঙ্গিবাদ প্রতিরোধের।
বনফুল গ্রীনহার্ট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জয়ন্তী চাকমার মতে গুলশান, শোলাকিয়া অথবা কল্যাণপুরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এর অশুভ ছায়া তাদের মতো শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দিতে দিচ্ছে না।
বনফুল গ্রীনহার্ট কলেজের সঙ্গে একইভাবে আধা ঘণ্টার মানববন্ধন করে পাশের হারম্যান মাইনর কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী। এই কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়া এসব প্রতিষ্ঠানের শিক্ষকেরা যোগ দেন।