লালমনিরহাটে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধনে সর্বস্তরের মানুষ
হাতে হাত রেখে ১৩০ কিলোমিটার
মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ১৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার লালমনিরহাট জেলার প্রবেশমুখ তিস্তা রেলওয়ে ব্রিজ থেকে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরো পয়েন্ট পর্যন্ত এই মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। গতকাল বেলা ১১টা থেকে ৩০ মিনিটের এই মানববন্ধনের সময় ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। মুক্তিযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে লালমনিরহাটে এই প্রথম এত দীর্ঘ মানববন্ধন হলো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম ও ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতাদের মতবিনিময় সভায় এই মানববন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গঠিত ২৫ সদস্যের মানববন্ধন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।তিস্তা রেলওয়ে ব্রিজ এলাকা থেকে মহেন্দ্রনগর ইউনিয়নের মণ্ডলেরহাট পর্যন্ত এলাকায় মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। লালমনিরহাট জেলা শহরের বাসস্ট্যান্ড, মিশন মোড়, আনছার ক্যাম্প এলাকায় ব্যানার, ফেস্টুন ও যুদ্ধাপরাধীদের মুখোশ পরে মানববন্ধনে অংশ নেওয়া লোকজন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচার দাবি করে। মিশন মোড়ে মানববন্ধনে অংশ নিয়ে ৭৫ বছর বয়সী ভাষাসৈনিক সামছুল হক বলেন, ‘আমি যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চাই। এই বিচার দেখে যেতে পারলে মরেও শান্তি পাব।’ জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মজিদা খাতুন সরকারি মহিলা মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাজেদ রায়হান জানায়, ‘যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের বিচারের দাবিতে এই মানববন্ধন। তাই এই কর্মসূচিতে আমি অংশ নিয়েছি। এতে শামিল হতে পেরে আমার ভালো লাগছে।’ আদিতমারী উপজেলার খাতাপাড়া, সাপ্টিবাড়ী, বুড়িরবাজার, রেলস্টেশন, হাসপাতাল এলাকায় মানববন্ধনে অংশ নেয় সর্বস্তরের মানুষ। কালীগঞ্জ উপজেলার কাকিনা রাজবাড়ী, কাকিনা রেলস্টেশন ও কালীগঞ্জ বাজার এলাকায় কয়েক হাজার মানুষ মানববন্ধন করে। হাতিবান্ধা উপজেলার কারবালার দীঘি এলাকা থেকে মিলনবাজার খানের বাড়ি পর্যন্ত মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। জেলার শেষ প্রান্ত বুড়িমারী জিরো পয়েন্টসংলগ্ন বুড়িমারী বাজার এলাকায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে অংশ নেয়।মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মতিয়ার রহমান বলেন, সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ১৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়া হবে। জেলা বাস মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনের সময় আমরা ৩০ মিনিট যান চলাচল বন্ধ রাখি।’