হাতে হাতে নতুন বই

শুক্রবার বেলা ১১টা। চট্টগ্রাম নগরের মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিশুদের ভিড়। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ নিতে উৎসুক তারা। বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এসে পৌঁছানোর পর শেষ হয় শিশুদের অপেক্ষার পালা।

সারা দেশের মতো চট্টগ্রামেও গতকাল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে হাসিমুখে বাড়ি ফিরেছে শিশুরা। মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা ছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. দৌলতুজ্জামান খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় নগরের কলেজিয়েট স্কুল ও সাড়ে নয়টায় চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
বই বিতরণ অনুষ্ঠানে মেজবাহ উদ্দিন বলেন, সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ৩৩ কোটির বেশি বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া এখন উৎসবে পরিণত হয়েছে।
নতুন বই পেয়ে বেশ আনন্দিত মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আশফা, অপূর্বা, আদিয়াত। কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির নাফিস, রাফি নতুন বই পেয়ে খুব খুশি।
মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা দাশগুপ্তা প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানে যারা এসেছে তাদের সবাই আজকে (শুক্রবার) বই পেয়ে গেছে। বাকিরাও দু-এক দিনের মধ্যে বই পেয়ে যাবে।

চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, জেলা ও নগর মিলিয়ে ১ হাজার ৪৯৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বই বিতরণ হচ্ছে। মোট ১০ লাখ ৮৯ হাজার ৬২০ জন শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৪৩৯টি বই বিতরণ করা হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, চট্টগ্রাম জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪ হাজার ৫২২টি। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের সংখ্যা ২ হাজার ২০৬টি। এবার প্রাথমিক স্তরের ১১ লাখ ৪৮ হাজার ৪১৭ জন শিক্ষার্থী বই পাচ্ছে।
ফটিকছড়ি: কনকনে শীত। এর মধ্যেই নতুন বই নিতে গুটি গুটি পায়ে বিদ্যালয়ে হাজির শিক্ষার্থীরা। বই হাতে পেয়েই শুরু হয় হইহুল্লোড় আর বাঁধভাঙা উচ্ছ্বাস। গতকাল সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব মাইজভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র ছিল এমনই।
ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ১০টায় শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্রনাথ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
ফটিকছড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক দিলরুবা কোহিনুর আকতার জানান, ‘আজ (গতকাল) বিদ্যালয়ের ১ হাজার ৫৪৫ ছাত্রীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।’
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাফিছা মালিয়াত জানায়, ‘নতুন বছরের শুরুতে নতুন বই পাওয়ায় মনে অন্য রকম আনন্দ লাগছে।’
ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ তুষার জানায়, শীত থাকার পরও বছরের প্রথম দিনে কেউ বিদ্যালয়ে আসতে ভুল করেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, ২১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এবার প্রায় ৬৫ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্রনাথ জানান, মাধ্যমিক স্তরের ১৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ছয় লাখ বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মহেশখালী: কক্সবাজারের মহেশখালীতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম। পরে তিনি মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়, গোরকঘাটা উচ্চবিদ্যালয়, বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়, লিডারশিপ উচ্চবিদ্যালয়, ছোট মহেশখালী তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসা ও মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজেম উদ্দিন, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর: শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সকালে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাজ্জাদুল হাসান, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন, মো. মাহাবুবুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ইয়াছমিন প্রমুখ।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ফটিকছড়ি (চট্টগ্রাম), মহেশখালী (কক্সবাজার) ও লক্ষ্মীপুর প্রতিনিধি)