হাতেকলমে বিজ্ঞানের পাঠ
এবার প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা নিল হাতেকলমে বিজ্ঞান শেখার পাঠ। গতকাল শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার মালিক-নাহার মেমোরিয়াল একাডেমি অ্যান্ড কলেজ চত্বরে ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ কর্মসূচিতে একাত্ম হয় প্রত্যন্ত গ্রাম এলাকার পাঁচ শতাধিক শিক্ষার্থী। দেখে দেখে বিজ্ঞান শেখার এমন আয়োজন সম্পর্কে শিক্ষার্থী নাহিদা আক্তারের আক্ষেপ—‘এত দিন এগুলো (বিজ্ঞানের যন্ত্রপাতি) শুধু বইয়ের পাতায় দেখছি আর পড়ছি। প্রতিদিন যদি এভাবে দেখে দেখে শেখা হতো—তাহলে বিজ্ঞানকে আরও সহজে জয় করতে পারতাম!’আয়োজক সূত্রে জানা গেছে, লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ‘মোবাইল হ্যান্ডস অন সায়েন্স এগজিবিশন ফর স্কুল’ নামের হাতেকলমে বিজ্ঞান শেখার এ কর্মসূচি প্রত্যন্ত এলাকায় নিয়ে যেতে মালিক-নাহার মেমোরিয়াল একাডেমি অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে বড় পরিসরে এ আয়োজন করে। আয়োজক শিক্ষাপ্রতিষ্ঠানসহ কানাইঘাট সড়কের বাজার উচ্চবিদ্যালয়, সয়তুননেসা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, লুৎফুর রহমান উচ্চবিদ্যালয়, সড়কেরবাজার কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকেরা ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ কর্মসূচিতে একাত্ম হন। বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত একনাগাড়ে চলে বিজ্ঞান শেখার নানা আয়োজন। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অনেকটা উৎসবমুখরতায় সব কটি পর্বে অংশ নেয়। এর মধ্যে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন থাকলে তাৎক্ষণিকভাবে যন্ত্রপাতির উপস্থাপনের মাধ্যমে জবাব দেওয়া হয়।হাতেকলমে বিজ্ঞান শেখার শেষ পর্যায়ে ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে বিজ্ঞান ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বই উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন মুহম্মদ জাফর ইকবাল। সমাপনী অনুষ্ঠানে মালিক-নাহার মেমোরিয়াল একাডেমি অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা এ কে এম ফজলুর রহমান, একাডেমির অধ্যক্ষ স্বপন কুমার দাস বক্তৃতা দেন। তাঁরা প্রত্যন্ত গ্রাম এলাকার পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগবঞ্চিত শিক্ষার্থীদের বিজ্ঞান শেখার এমন আয়োজনে একাত্ম করার সুযোগ দেওয়ায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার মান উন্নয়নবিষয়ক এক প্রকল্পের আওতায় দেশের ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে হাতেকলমে বিজ্ঞান শেখাতে ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ কর্মসূচি শুরু হয়েছে। গত ১৬ এপ্রিল প্রথম পর্যায়ে সিলেটের গোলাপগঞ্জের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ কর্মসূচির সূচনা করা হয়েছিল।