হাতেখড়ি উৎসব
নারায়ণগঞ্জে শিশুদের ‘হাতেখড়ি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। হাতেখড়ি পর্ষদ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার এ উৎসব হয়। শহরের চাষাঢ়া শহীদ মিনারে ঘণ্টা বাজিয়ে বিকেলে শুরু হয় উৎসব। শিশুদের হাতেখড়ি দেন প্রবীণ শিক্ষক নীহাররঞ্জন সরকার ও এ কে এম খালিকুজ্জামান, ভাস্কর্যশিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং চিত্রশিল্পী শহীদ কবির। পরে শিশুদের অংশগ্রহণে নৃত্য, ব্রতচারী নৃত্য, আবৃত্তি, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উৎসবে অংশ নেয় গঙ্গাফড়িং সাংস্কৃতিক বিদ্যালয়, ষড়জ সাংস্কৃতিক অঙ্গন, চন্দ্রবিন্দু ও দেওভোগ ২৯ নম্বর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা। উদীচী শিল্পীগোষ্ঠী ও সমগীত গানের দল সন্ধ্যায় দলীয় ও একক লোকগান পরিবেশ করে।ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, চারদিক থেকে বাংলা ভাষার ওপর আক্রমণ হচ্ছে। শুরু থেকেই শিশুদের মধ্যে বাংলা ভাষার প্রতি প্রেম জাগিয়ে এই আক্রমণ প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতেখড়ি পর্ষদ নারায়ণগঞ্জের আহ্বায়ক জাহিদুল হক, সদস্যসচিব শাহীন মাহমুদ, সংস্কৃতিকর্মী ভবানী শংকর রায়, আহম্মেদ বাবলু, দিনা তাজরিন, পলাশ চন্দ্র দে প্রমুখ।