
‘আমি প্লে গ্রুপে পড়ি। বাংলা অক্ষর লিখতে পারতাম না। শহীদ মিনারে গিয়ে স্যারের কাছে হাতেখড়ি নিয়েছি। সেসব লেখা আমার কাছে আছে। আমার এই বাংলা লিখতে জানা ও পড়ার স্মৃতিতে স্যার থাকবেন সারা জীবন।’
শিশু শিক্ষার্থী আদিবা কাশিশ বলছিল এভাবেই। তার মতো আরও কয়েকজনের স্মৃতিচারণায় গতকাল মঙ্গলবার শিশু শিক্ষার্থীদের নিয়ে এক শোকসভার মধ্য দিয়ে স্মরণ করা হয় গত শনিবার মৃত্যুবরণ করা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে। একজন ভাষাসংগ্রামী হিসেবে তাঁর কাছ থেকে হাতেখড়ি পাওয়ায় শিশু শিক্ষার্থীদের নিয়ে শোকসভার এ আয়োজন করেছিল ‘পাঠশালা’ নামের শিশু সংগঠন।
ছদরুদ্দিন আহমদ চৌধুরী ছিলেন একজন ভাষাসংগ্রামী। ২০০৮ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ‘পাঠশালা’ শিশু শিক্ষার্থীদের নিয়ে শহীদ মিনারে হাতেখড়ির আয়োজন করে। শিশুরা দুই ভাষাসংগ্রামী ছদরুদ্দিন আহমদ ও আবদুল আজিজের কাছ থেকে হাতেখড়ি নিত। এ সময় শিশুদের প্রতি তাঁদের নানা উপদেশও থাকত।
স্মৃতিচারণা করে আবদুল আজিজ বলেন, ‘আমরা দুজন হাতেখড়ি দিতাম। এখন আমি একলা হয়ে গেলাম। আমাদের কথা এই শিশু প্রজন্মের মনের মধ্যে গাঁথা থাকবে, এটাই বড় বিষয়।’
পাঠশালার সভাপতি মহম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ, শিশু একাডেমীর সাবেক জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শমসের রাসেল প্রমুখ। শোকসভা সমন্বয় করেন পাঠশালার সংগঠক সুপ্রিয় দেব।
গত ২১ ফেব্রুয়ারির হাতেখড়ির স্মৃতিচারণা করে পাঠশালার অন্যতম সংগঠক হুমায়ুন কবীর বলেন, শিশুদের হাতেখড়ি দিয়ে এক ধরনের তৃপ্তভাব দেখা যেত দুই ভাষাসংগ্রামীর চোখেমুখে। স্যার (ছদরুদ্দিন আহমদ চৌধুরী) গত ২১ ফেব্রুয়ারি অসুস্থ শরীর নিয়ে শহীদ মিনারে এসেছিলেন। শিশু শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বারবারই বলছিলেন, ‘এটা শুধু হাতেখড়ি নয়, একটি চেতনার সূত্র ধরিয়ে দিলাম। বড় হলে বুঝবে এ চেতনার মর্ম।’