হাতের কাছে চিকিৎসাসেবা বাক্স

কারখানায় কাজ করার সময় বাঁ হাতের আঙুল কেটে যায় জসিম উদ্দিনের। কারখানাতেই ছিল জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা বাক্স। সঙ্গে সঙ্গে ওই বাক্স থেকে ওষুধ এনে ক্ষতস্থানে লাগিয়ে তা বেঁধে দেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে ভালো হন জসিম।
এ ধরনের আঘাত পেলে শ্রমিকদের দ্রুত চিকিৎসা দিতে ঝিনাইদহ জেলার বিভিন্ন বাজারের ঝুঁকিপূর্ণ দোকান ও কারখানায় ৪৫০টি জরুরি প্রাথমিক চিকিৎসা বাক্স (ফার্স্টএইড বক্স) দিয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে। এ বাক্সে আট ধরনের ওষুধ আর চিকিৎসা সরঞ্জামাদি দেওয়া হয়েছে। এর মধ্যে গজ-ব্যান্ডেজ, তুলা, গ্যাসের ওষুধ ও অ্যান্টিবায়োটিক ওষুধ আছে।
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মাহি ইঞ্জিনিয়ারিংয়ের মালিক আবদুল মান্নান বলেন, তাঁর গ্যারেজে ছয়জন শ্রমিক কাজ করেন। তাঁদের সারাক্ষণ হাতুড়ি, লোহা আর ধারালো অস্ত্র নিয়ে কাজ করতে হয়। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তখন তাঁদের প্রায় তিন কিলোমিটার দূরের হাসপাতালে নিতে হয়। এখন তাঁদের কাছে প্রাথমিক চিকিৎসার এই বাক্স থাকায় শ্রমিকদের সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া যাবে।
সোনার বাংলা ফাউন্ডেশনের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ২০১৬ সালের শুরুর দিকে জেলা শহর, কালীগঞ্জ, কোলা ও বারোবাজার এলাকায় তাঁরা প্রাথমিক জরিপ করেন। ফেব্রুয়ারি মাসে তাঁরা ওই সব বাজারের ঝুঁকিপূর্ণ কারখানা, মাছের আড়ত, স মিল, খাবার হোটেল, টেইলার্সসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ৪৫০টি ফার্স্ট এইড বক্স বিতরণ করেন। ওই বাক্সগুলোর ওষুধ বা সরঞ্জাম শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট দোকানগুলোর মালিকেরা নতুন ওষুধ কিনবেন।
কোলা বাজারের সোনিয়া ইঞ্জিনিয়ারিংয়ের মালিক শওকত আলী বলেন, আশপাশের যেকোনো দোকানের কোনো দুর্ঘটনা ঘটলে আহত শ্রমিক তাঁর দোকানে চলে আসেন। এই বাক্স থাকায় আশপাশের অনেক শ্রমিকের উপকার হচ্ছে।
কালীগঞ্জ শহরের একতা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক কামাল হোসেন বলেন, এসব সরঞ্জাম কীভাবে ব্যবহার করা হয়, এ বিষয়ে তাঁদের একটা প্রশিক্ষণ দিলে আরও ভালো হয়।
সোনার বাংলার নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় তাঁরা কাজ করছেন। আশা করছেন ভবিষ্যতে আরও কিছু বাক্স দিতে পারবেন।