হাতের লেখা মিললে ব্যবস্থা নেওয়া হবে: এসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর থানার নারী কনস্টেবলের আত্মহত্যার ঘটনায় উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম গতকাল মঙ্গলবার এ কথা জানান।

এসপি নুরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হালিমার আত্মহত্যার বিষয়টি শুরু থেকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডায়েরিতে লেখা হালিমার অভিযোগ আমলে নিয়ে তাঁর হাতের লেখা মিলিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে অবশ্যই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমারত হোসেন গাজী বলেন, ডায়েরির বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি। জানালে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।

গৌরীপুর থানার ব্যারাকে ২ এপ্রিল নিজের কক্ষে শরীরে আগুন দেন কনস্টেবল হালিমা বেগম (২৫)। ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই একই থানার উপপরিদর্শক (এসআই) মিজানুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। হালিমা বেগমের বাবা ৪ এপ্রিল এসআই মিজানুল ইসলামের বিরুদ্ধে হালিমাকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে একটি মামলা করেন। পরে ওই দিনই মিজানুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

গত সোমবার দুপুরে হালিমার বাবা হেলাল উদ্দিন আকন্দ ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, হালিমা মৃত্যুর আগে তাঁর ডায়েরি ও একটি চিরকুটে আত্মহত্যার কারণ লিখে যান। হালিমা লিখেছেন, ‘আমার মরে যাওয়ার একমাত্র কারণ এসআই মোহাম্মদ মিজানুল ইসলাম আমাকে ধর্ষণ করেন। আমার অভিযোগ অফিসার ইনচার্জ (ওসি) গ্রহণ করেন না।’ তবে ওসি দেলোয়ার আহম্মেদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।