হাত-পা বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মুক্তিযুদ্ধের পুরো নয় মাস সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা চালায় নির্যাতন ও গণহত্যা। দেশের বিভিন্ন স্থানে তৈরি হয় অসংখ্য বধ্যভূমি ও গণকবর। এগুলোর কোনো কোনোটিতে কয়েক হাজার লোককে হত্যা করা হয়েছে।

সেদিন ১৯৭১ সালের ১১ জুলাই। চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান বেপারী ও তাঁর তিন ছেলে মো. মনিরুজ্জামান বেপারী, আবুল বাসার বেপারী ও সফিকুল ইসলাম বেপারীকে আটক করে হামিদিয়া জুট মিলের ভেতরে সেনাক্যাম্পে নেওয়া হয়। বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে তাঁদের হাত-পা বেঁধে জুট মিলের দক্ষিণ দিকে ডাকাতিয়া নদীতে ফেলে দেওয়া হয়।
একই দিন হাজীগঞ্জ বাজারের কাপড়িয়াপট্টির চা দোকানি দুই ভাই ইসহাক ও আমির হোসেনকে একইভাবে নদীতে ফেলে হত্যা করা হয়। ওই দিন পাকিস্তানি সেনারা মোট ১১ জন নিরীহ মানুষকে হত্যা করে।
পরদিন খলিল বেপারী ও আবুল বাসারের লাশ নদী থেকে তুলে পারিবারিক কবরস্থানে গোপনে দাফন করা হয়। মনিরুজ্জামান ও সফিকুল ইসলামের লাশের হদিস মেলেনি।
খলিল বেপারীর বড় ছেলে আবুল মুনছুরের কাছ থেকে শুনছিলাম এই ঘটনা। হাজীগঞ্জ বাজারের থানা রোডে অবস্থিত মুনছুরের ব্যবসাপ্রতিষ্ঠান। সেখানে বসে সম্প্রতি তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বাবার বড় অপরাধ ছিল তিনি আওয়ামী লীগ করতেন এবং মুক্তিযোদ্ধাদের খরচের জন্য ৬০ হাজার টাকা দিয়েছেন। স্থানীয় রাজাকাররা আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান লুট করার জন্য আমার বাবা ও তিন ভাইকে পাকিস্তানিদের হাতে তুলে দেন।’
আবুল মুনছুর বলেন, ‘নদীতে ফেলে দেওয়ার পর পাকিস্তানি সেনা ও রাজাকাররা নদীতে লাশ খুঁজতেও বাধা দিয়েছিল। পরে টোরাগড় গ্রামের বাচ্চু মিয়াজী ওরুফে রাজাকার বাচ্চুকে ২০ হাজার টাকা দিয়ে নদীতে খোঁজ করে বাবা ও মেজ ভাই আবুল বাসারের লাশ নদী থেকে ওঠানো হয়। অন্য দুই ভাইয়ের লাশ পাইনি।’
সম্প্রতি হামিদিয়া জুট মিল এলাকায় গেলে কথা হয় মিলের পাহারাদার হারুনুর রশিদের সঙ্গে। মিলের সামনেই তাঁর বাড়ি। হারুনুর রশিদ বলেন, যুদ্ধের সময় তাঁর বয়স আট থেকে দশ বছর ছিল। তিনি ক্যাম্পে আসা–যাওয়া করতেন। লোকজনকে ধরে এনে হাত-পা বেঁধে ডাকাতিয়া নদীতে ফেলে দেওয়া তিনি দেখেছেন। অনেককে আধা মরা অবস্থায় মিলের দক্ষিণ পাশে একটি গর্ত করে মাটিচাপা দেওয়া হয়েছে।