হানজিনের কনটেইনার কিনতে চায় ১১ প্রতিষ্ঠান
দেউলিয়া হয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার জাহাজ পরিচালনা কোম্পানি হানজিনের কনটেইনার কিনতে চান ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরে তোলা ১ হাজার ৫৭টি কনটেইনারের নিলামে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান দর দিয়েছে।
গতকাল দুপুরে বন্দর ভবনের নিচতলায় আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সামনে দর খোলা হয়। এ সময় কে কত দর দিয়েছে তা-ও জানানো হয়। বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম সরওয়ার দরপত্র খোলা কমিটিতে ছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার (আজ) মূল্যায়ন কমিটি বৈঠকে বসার কথা রয়েছে। সর্বোচ্চ দরদাতার দর গ্রহণযোগ্য হলে সঙ্গে সঙ্গে কার্যাদেশ দেওয়া হতে পারে।
বন্দর সূত্রে জানা গেছে, দেউলিয়া হওয়ার পর এখন পর্যন্ত হানজিনের কাছে বন্দরের পাওনা দাঁড়িয়েছে প্রায় ৮৪ কোটি টাকা। এই পাওনা টাকার মধ্যে রয়েছে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর মাশুল, বন্দর চত্বরে কনটেইনার রাখার ভাড়া ও দুটি জাহাজের বন্দর ব্যবহারের মাশুল। এই পাওনা টাকা আদায়ে প্রথমবারের মতো বিদেশি কোনো কোম্পানির কনটেইনার নিলামে তুলল বন্দর।
বন্দরের পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, মোট ২২টি লটে এসব কনটেইনার নিলামে তোলা হয়। মোট ১১টি প্রতিষ্ঠানের প্রতিটি একাধিক লটে নিলাম দরপত্রে অংশ নেয়। এই হিসাবে ৫৬টি দরপত্র জমা পড়ে।
নিলামে তোলা ১ হাজার ৫৭টি কনটেইনারের মধ্যে ২০ ফুট, ৪০ ফুট ও ৪৫ ফুট লম্বা কনটেইনার রয়েছে। প্রতিটি ২০ ফুট লম্বা হিসাবে ধরা হলে ১ হাজার ৮৯৪ একক কনটেইনার নিলামে তোলা হয়েছে।
গত বছরের ৩১ আগস্ট ঋণের ভারে জর্জরিত হানজিন কোম্পানি দক্ষিণ কোরিয়ার আদালতে দেউলিয়াত্ব সুরক্ষার আবেদন করেছিল। প্রায় সাড়ে পাঁচ মাস পর গত ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার সিউলের কেন্দ্রীয় জেলা জজ আদালত হানজিন শিপিংকে দেউলিয়া ঘোষণা করেন।