হানাদারমুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা
মুন্সিগঞ্জে হানাদারমুক্ত দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার শহরে আনন্দ ও বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই শোভাযাত্রায় বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের লোকজন অংশ নেন।শহরের পুরাতন কাছারিতে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে সকাল ১০টায় সবাই জমায়েত হন। সাড়ে ১০টায় বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ শোভাযাত্রাটি সুপার মার্কেটের কাছে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এখানে আলোচনা সভা হয়। সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি প্রমুখ।