হানাহানি না করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় নেতা-কর্মীদের দলাদলি ও হানাহানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আপনারা নিজেরা দলাদলি করবেন না, মারপিট করবেন না। আমার কাছে কোন্দলের তথ্য আছে। নির্বাচন আসছে। কোন্দল থাকতে পারে। তবে হানাহানি করবেন না।’ 

আজ শনিবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পূর্ব গোমদন্ডী ফায়ার ব্রিগেড চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সাংসদ মঈন উদ্দিন খান বাদল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সহসভাপতি এস এম আবুল কালাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আনিস মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনের নামে স্লোগান দিচ্ছিলেন নেতা-কর্মীরা। এ সময় অনুষ্ঠানস্থলে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। মঞ্চ থেকে বারবার স্লোগান বন্ধ করতে বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। পরে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত চলাকালেও মোছলেম উদ্দিনের নামে স্লোগান এবং করতালি দিচ্ছিলেন কর্মীরা।
পরে প্রধান বক্তা মঈন উদ্দিন খান বলেন, ‘এটা যে ধরনের সুশৃঙ্খল অনুষ্ঠান হওয়ার কথা ছিল সে রকম হয়নি। জাতীয় সংগীত বাজে, তবু হাততালি দিচ্ছে কর্মীরা।’
মঈন উদ্দিন খানের আগে বক্তব্য দেন মোছলেম উদ্দিন আহমেদ। তিনি মঈন উদ্দিন খানকে সুবক্তা হিসেবে উল্লেখ করে নিজের বক্তব্য শুরু করেন। বক্তব্যের শেষ দিকে মোছলেম উদ্দিন বলেন, অনেকে সাংসদ হয়েছেন। কথার ফুলঝুরি ফোটান মুখে। কিন্তু জনগণের সঙ্গে কোনো যোগাযোগ নেই।