হানাহানি বন্ধ করেননি নেতারা প্রাণ গেল দুজনের
প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের। আওয়ামী লীগের দুই নেতা কথা দিয়েছিলেন আর হানাহানি করবেন না। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবেন। কিন্তু তাঁরা কথা রাখেননি। সর্বশেষ ১৮ জানুয়ারি দুই নেতার বিরোধে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারী গ্রামের আরিফ হোসেন ও শাহ আলম নামের দুই যুবক প্রাণ হারিয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন আরও ১০ জন। এলাকায় এখনো চলছে লুটপাট।
ওই দুই নেতা হলেন ঝিনাইদহ সদরের ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার এবং জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মালেক। ইউনিয়ন নির্বাচন নিয়ে ২০০৭ সাল থেকে দুজনের মধ্যে চলে আসছে দ্বন্দ্ব। ২০০৯ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে শহিদুল ইসলাম শিকদার চেয়ারম্যান নির্বাচিত হন। পরাজিত হন আবদুল মালেক।
১৮ জানুয়ারির ঘটনা সম্পর্কে ফুরসন্দি ইউনিয়নের একাধিক গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহিদুল ইসলাম ও আবদুল মালেকের দ্বন্দ্ব বহুদিনের। দুজন দুই পক্ষের নেতৃত্ব দেন। ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই তাঁদের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা-পাল্টা হামলায় চলে ভাঙচুর আর লুটপাট। সাত বছরে দুই শতাধিক বাড়িঘর ভাঙচুর হয়েছে এ ইউনিয়নে। উভয় পক্ষের বাড়িঘর লুটপাটে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। ইতিমধ্যে খুনসহ অনেকে আহত হয়েছেন। পাঁচ-ছয় জন পঙ্গুত্ববরণ করেছেন।
গ্রামবাসী জানান, ১৮ জানুয়ারি বিকেলে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে টিকারী বাজারে শহিদুল ও মালেক গ্রুপের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুলের ভাতিজা শরিফুল ইসলামকে কুপিয়ে আহত করে মালেক গ্রুপের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরের ওপর হামলার আশঙ্কায় এলাকায় সশস্ত্র অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাত আটটার দিকে পুলিশের একটি দল টিকারী গ্রামের মাঝপাড়ায় যায়। সেখানে প্রস্তুতি নিয়ে থাকা মালেক গ্রুপ প্রতিপক্ষ ভেবে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ওই দুই যুবক মারা যান। ওই ঘটনার পর থেকে এলাকায় চলছে লুটপাট-ভাঙচুর। বাড়িছাড়া হয়েছেন পাঁচ গ্রামের সহস্রাধিক মানুষ। মাঠ থেকে লুট হয় ৫৩টি শ্যালো মেশিন। বিভিন্ন গোয়াল থেকে দেড় শতাধিক গরু লুট করে নিয়ে যাওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী টিকারী মাঝপাড়া জামে মসজিদের ইমাম মো. আবদুল মজিদ জানান, ১৬-১৭ জন মসজিদের মধ্যে প্রবেশ করেন, যাঁদের অনেকের পরনে ছিল পুলিশের পোশাক। এ সময় মসজিদের বাইরে অবস্থানকারী মালেক গ্রুপের লোকজন ভেতরে প্রবেশকারীদের তাড়া করে এগিয়ে আসেন। এ সময় মসজিদে থাকা ব্যক্তিরা অস্ত্র উঁচিয়ে বাইরে বের হয়ে গুলি ছোড়া শুরু করেন।
নিহত শাহ আলমের মা আকলিমা খাতুন বলেন, শহিদুলের পক্ষের লোকজনেরা তাঁর একমাত্র ছেলেকে গুলি করে হত্যা করেছে। নিহত আরিফ হোসেনের মা মাজেদা বেগম জানান, মসজিদ থেকে বের হয়ে তাঁর সন্তানের ওপর গুলি চালানো হয়। সেখানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের মানুষও ছিলেন।
শহিদুল ইসলাম জানান, তিনি চেষ্টা করেছিলেন ইউনিয়নটিকে শান্ত রাখতে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রতিপক্ষ সেটা চায় না। তাই তিনি (মালেক) প্রায়ই লোকজন দিয়ে তাঁর সমর্থকদের মারধর করেন। ১৮ জানুয়ারি তাঁর ভাতিজাকে কুপিয়ে আহত করা হয়েছে। এরপর সন্ত্রাসীরা প্রতিপক্ষ ভেবে পুলিশের ওপর আক্রমণ চালায়। তখন পুলিশ জীবন বাঁচাতে গুলি ছোড়ে। সেখানে দুই যুবক মারা যান।
আবদুল মালেক বলেন, শহিদুল ইসলাম নিজের লোকজন দিয়ে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ করলেই এলাকায় গোলমাল থেমে যাবে। ১৮ জানুয়ারি পুলিশের গুলিতে নয়, চেয়ারম্যানের লোকজনের গুলিতেই তাঁর দুই সমর্থক নিহত হন।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ১৮ জানুয়ারি কার গুলিতে ওই দুজন নিহত হয়েছেন, তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি। তবে তদন্ত চলছে। তিনি আরও জানান, মালেকের পক্ষের দেওয়া মামলার এজাহারের তদন্ত চলছে। তবে দুই পক্ষ পরস্পরকে ঘায়েল করতে পাল্টাপাল্টি অভিযোগ করছে। লুটপাটের বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানিয়েছেন।