সংঘাত-সংঘর্ষ-হানাহানির রাজনীতি রুখতে গণজাগরণ সৃষ্টি ও মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে এই আহ্বান জানানো হয়।
সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি পালিত হয়। তাঁদের নানা স্লোগানের মধ্যে ছিল, ‘সংঘাত নয়, সমঝোতা চাই’, ‘হরতাল-অবরোধের নামে হত্যা, আগুন, নাশকতা, ধ্বংসযজ্ঞ রুখে দাঁড়াও’ ইত্যাদি। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, বর্তমানে দেশে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি চলছে, তাতে মানুষ আতঙ্কিত, বিপন্ন এবং সহিংসতার কাছে জিম্মি হয়ে পড়েছে। আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় সুবিধাবাদী রাজনীতির বলি হচ্ছে সাধারণ মানুষ। দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ এখন আক্রান্ত। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
নেতারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান। সংহতি জানিয়ে বক্তব্য দেন লেখক-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাশ প্রমুখ। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।