হানিফ উড়ালসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ উড়ালসড়কে গতকাল মঙ্গলবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল ইসলাম (২২) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। এ সময় আহত নজরুলের ছোট ভাই বিদুল ইসলামকে (১৮) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার পুলিশ বলেছে, রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে থাকা বোন ও তাঁর নবজাত সন্তানকে দেখে নজরুল ছোট ভাই বিদুলকে নিয়ে মোটরসাইকেলে জুরাইনের বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন নজরুল। একপর্যায়ে হানিফ উড়ালসড়কে মোটরসাইকেল থেকে দুই ভাই ছিটকে পড়েন। এতে নজরুল ঘটনাস্থলেই মারা যান। উড়ালসড়কের নিরাপত্তাকর্মীরা গুরুতর অবস্থায় বিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নজরুলের বাবার নাম আলমগীর হোসেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় নাকি পেছন থেকে গাড়ির ধাক্কায় হতাহতের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।