মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক থেকে বর্ধিত ও অস্বাভাবিক টোল আদায়ের ঘটনাকে ‘ঈদ ডাকাতি’ বলে আখ্যায়িত করেছেন বাম রাজনৈতিক দলের নেতারা। তাঁরা অবিলম্বে বাড়তি ও অযৌক্তিক টোল প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
গতকাল সোমবার এক বিবৃতিতে বাম দলের নেতারা বলেছেন, হানিফ উড়ালসড়কের ওপর ধার্য করা টোল অনুমোদনহীন ও অস্বাভাবিক। যে দেশে সস্তায় শ্রমিক পাওয়া যায়, সেখানে নির্মাণের অস্বাভাবিক ব্যয় গ্রহণযোগ্য নয়। এ বছর জুনে ভারতের মুম্বাইতে উদ্বোধন হওয়া ১৬ কিলোমিটার দীর্ঘ একটি উড়ালসড়কের প্রতি কিলোমিটারের নির্মাণ খরচ ছিল ৮৮ কোটি টাকা। কলকাতার পরমা উড়ালসড়কের নির্মাণ খরচ ৪৮ কোটি ১৫ লাখ, মালয়েশিয়ায় নির্মাণ খরচ ৫৭ কোটি ৭১ লাখ টাকা। সেখানে হানিফ উড়ালসড়কের নির্মাণ খরচ ২৪১ কোটি টাকা অগ্রহণযোগ্য। নেতারা জানান, ঈদের আগে এ ধরনের লুটপাট ডাকাতির নামান্তর।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে কর দিয়ে থাকে। উড়ালসড়ক ব্যবহারের ক্ষেত্রে টোল ধার্য করে তাদের ওপর দ্বিতীয়বার করারোপ করা হয়েছে।
বিবৃতিতে সই করেন কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন, বাসদের নেতা বজলুর রশীদ ও রাজেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির রাগিব হাসান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশারেফা মিশু, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন, যুব মৈত্রীর সাবেক সভাপতি সাদাকাত হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসলাম খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ ও যুব আন্দোলনের সভাপতি মোশাহিদ আহমেদ। বিজ্ঞপ্তি।