হানিফ পদত্যাগ করেননি অপসারিতও হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেননি বা তাঁকে এ পদ থেকে সরিয়েও দেওয়া হয়নি।
তবে ৯ অক্টোবর আওয়ামী লীগের তৃণমূলের বৈঠকে হানিফের কিছু কাজে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ করে জনপ্রিয়তা যাচাইয়ের কথা বলেছিলেন। গতকাল রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি যথারীতি অংশ নেন।
জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগ করিনি, সরিয়েও দেওয়া হয়নি।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানায়, গতকাল রোববার পর্যন্ত মাহবুব উল আলমকে অপসারণ করা হয়নি।
আওয়ামী লীগের কয়েকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার আগে থেকেই হানিফের প্রতি বিরক্ত ছিলেন। ১৫-২০ দিন আগে তিনি এ বিষয়ে হানিফের কাছে এ কমিটি ভাঙার কারণ জানতে চান।
৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের নেতারা কুষ্টিয়া-২ আসন থেকে হানিফকে মনোনয়ন দেওয়ার জন্য শেখ হাসিনার কাছে দাবি জানান। তাঁরা বলেন, হানিফের নেতৃত্বে কুষ্টিয়ায় আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। তৃণমূল নেতাদের কেউ কেউ বলেন, এ আসনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু স্বতন্ত্র প্রার্থী হলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। এ আসনে হানিফ জনপ্রিয় প্রার্থী বলে তাঁরা দাবি করেন।
তখন শেখ হাসিনা বলেন, আরপিও অনুযায়ী হানিফ নির্বাচন করতে পারবেন না। কারণ, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে আছেন। জবাবে হানিফ বলেন, তিনি নির্বাচন কমিশন থেকে জানতে পেরেছেন, পদটি লাভজনক নয়। তাঁর নির্বাচন করতে সমস্যা নেই।
এ সময় শেখ হাসিনা হানিফকে বলেন, ‘পদত্যাগের পর নির্বাচন করে দেখো, তুমি কয়টা ভোট পাও।’ জবাবে হানিফ বলেন, ‘ঠিক আছে, আমি পদত্যাগ করব। শেখ হাসিনা তৎক্ষণাৎ বলেন, তুমি পদত্যাগ করো।’