হানিফ পরিবহনের এসি বাসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে রাজশাহীগামী হানিফ পরিবহনের একটি এসি বাসে গত রোববার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা, সাতটি ল্যাপটপ, ১৫টি মুঠোফোনসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। বাধা দেওয়ায় ডাকাতদের পিটুনিতে বাসের সুপারভাইজার আহত হয়েছেন। ডাকাতির শিকার যাত্রীরা জানান, রোববার সন্ধ্যা ছয়টার দিকে ২৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের এসি বাসটি। পথে আরও ছয়জন যাত্রী ওঠানো হয়। বাসটি হাটিকুমরুল সড়কে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা অতিক্রম করার পর রাত ১০টার টিকে যাত্রীবেশী ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি শুরু করে। তারা যাত্রীদের কাছে থেকে নগদ টাকা, ল্যাপটপ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় নেমে যায়। বাধা দেওয়ায় বাসের সুপারভাইজার বিপ্লবকে পিটিয়ে আহত করে ডাকাতেরা।ওয়াজেদ আলী নামের এক যাত্রী জানান, ধারণা করা হচ্ছে, পথের মাঝখানে ওঠা ওই ছয় যাত্রীই ডাকাতির ঘটনা ঘটিয়েছে।বনপাড়া মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।