হানিফ ফ্লাইওভারে সিঁড়ি বসানো কেন বেআইনি নয়
রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের বিভিন্ন স্থানে সিঁড়ি বসানো কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত। ফ্লাইওভারের সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন অংশের সিঁড়িগুলো খুলে নিতে বা অপসারণের জন্য দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে গেল সপ্তাহে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।
ফ্লাইওভারের কোনো অংশে কোনো ধরনের সিঁড়ি বসানোর অনুমতি না দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ২ জুলাই বিবাদীদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশেষ বার্তাবাহকের মাধ্যমে আদালতের এই আদেশ অবিলম্বে পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়ে আদালত বলেছেন, পরবর্তী আদেশের জন্য ২ জুলাই বিষয়টি কার্যতালিকায় আসবে।
‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার: কেউ অবৈধ সিঁড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না!’ শিরোনামে গত ২৮ মে ছবিসহ এশিয়ান এজ নামের একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে ৩১ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল শামসুদ্দোহা তালুকদার।