হানিফ ফ্লাইওভারের সিঁড়ি বন্ধ হলো

সর্বোচ্চ আদালতের আদেশের পর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওঠানামার তিনটি সিঁড়ি বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গতকাল মঙ্গলবার সকালে ডিএসসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিঁড়িগুলো বন্ধ করে দেওয়া হয়।

মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, গতকাল প্রাথমিকভাবে স্টিল ঝালাই দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, বুলডোজার বা পেলোডার দিয়ে তা ভাঙা সম্ভব নয়। শিগগিরই প্রস্তুতি নিয়ে যাত্রাবাড়ীর দুটি ও সায়েদাবাদের একটি সিঁড়ি অপসারণ করা হবে।
গত ৩১ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল দেওয়ার পাশাপাশি ফ্লাইওভারের সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত সিঁড়িগুলো অপসারণে দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।

এর বিরুদ্ধে ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড আবেদন করে, যা ৬ জুন চেম্বার বিচারপতির আদালতে ওঠে। সেদিন আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
গত সোমবার হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।