আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একাত্তর ও পঁচাত্তরের ঘাতকেরা এখনো সক্রিয়। বঙ্গবন্ধুর কন্যাকে যেকোনোভাবে ক্ষমতাচ্যুত করতে তারা নানামুখী ষড়যন্ত্র করছে। গতকাল সোমবার ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে হানিফ এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি সংগঠন জেএমবি একযোগে ৬৩টি জেলায় বোমা হামলা চালায়। এ উপলক্ষে জঙ্গিবাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। তারেক রহমান হাওয়া ভবনে বসে জঙ্গি সংগঠন সৃষ্টি করেছে বলে দাবি করে হানিফ বলেন, তারাই ১৭ আগস্ট একযোগে সিরিজ বোমা হামলা করে নিজেদের অবস্থান জানান দিয়েছিল। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক