হানিফের আসনে একতরফা ভোট
কুষ্টিয়ার তিনটি আসনে গত রোববারের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৩৮ শতাংশ। তিনটি আসনেই এবার তিনজন নতুন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জিতেছেন একতরফা লড়াইয়ে। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে এই তিনটি আসনে ভোট পড়েছিল গড়ে প্রায় ৯০ শতাংশ।
এলাকার সাধারণ মানুষ মনে করছেন, এভাবে একতরফা ভোটে এক-তৃতীয়াংশের কিছু বেশি ভোট পেয়ে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ হবেন না। এর ফলে খোদ দলটিও ক্ষতিগ্রস্ত হবে।
তবে ভোটের ফলাফল নিয়ে লাভ-ক্ষতির হিসাবে লাভবান হয়েছেন কুষ্টিয়া-৩ আসন (সদর) থেকে নির্বাচিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা হানিফ এই নির্বাচনে বিজয়ী হয়ে সদরে শক্ত অবস্থান গড়ে তুললেন। তবে তাঁর এই অবস্থান জেলার আওয়ামী রাজনীতিতে নতুন দ্বন্দ্ব সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকেই।
মাহবুব উল আলম হানিফ জিতেছেন একমুখী লড়াই চালিয়ে। বেশির ভাগ ভোটকেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। হানিফ ভোট পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ৫৭৭। প্রতিদ্বন্দ্বী বিএনএফের রকিব উর রহমান খান চৌধুরী পেয়েছেন ছয় হাজার ৪১১ ভোট।
ওই আসনের কুষ্টিয়া শহরের কেন্দ্রগুলোতে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ার হার ছিল খুবই কম। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সেখানে বেড়ে যায় ভোট দেওয়ার হার। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তিনটি আসনের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে এই আসনে, মাত্র ৩৪ দশমিক ৩০ শতাংশ। তবে শহরে ভোটের দিনে প্রায় সব সময় ভোটারশূন্য নির্বাচন কেন্দ্রে এ ভোট পড়াটাও অস্বাভাবিক বলে মনে করছেন অনেকে। আবার শহরের তুলনায় গ্রামে অস্বাভাবিক বেশি ভোট পাওয়া নিয়েও মানুষের মনে নানা প্রশ্ন।
হানিফ সাংসদ না হয়েও গ্রামে অনেক উন্নয়নকাজ করায় গ্রামে বেশি ভোট পড়েছে বলে দাবি করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম। এ ক্ষেত্রে কোনো কারচুপির আশ্রয় নেওয়া হয়নি বলে দাবি তাঁর।
শহরের চারটি কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ পাওয়া যায়। জেলা পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ নির্বাচনের দিন সন্ধ্যায় প্রথম আলোকে জানান, কয়েকটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার বাকি দুটি আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধেই দলের দুই নেতাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেন হানিফ। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেন।
হানিফের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আওয়ামী লীগের প্রার্থী আফাজ উদ্দিন আহমেদকে হারিয়ে এই আসনে জয় পান হানিফ-সমর্থিত রেজাউল হক চৌধুরী। এর ফলে দৌলতপুরে আফাজ-রেজাউল একটি নতুন দ্বন্দ্বের বলয় সৃষ্টি হবে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নেতা।
কুষ্টিয়া-৪ আসনে হানিফ-সমর্থিত প্রার্থী সদর উদ্দিন খান পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী আবদুর রউফের কাছে। এই পরাজয় হানিফের পূর্ণাঙ্গ বিজয়কে খানিকটা বাধাগ্রস্ত করেছে। এর ফলে কুষ্টিয়ায় আওয়ামী লীগের হানিফবিরোধী পক্ষের হাত কিছুটা শক্তিশালী হলো বলে মনে করা হচ্ছে।
এদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র আনোয়ার আলী প্রবীণ নেতা হলেও তাঁকে নির্বাচনে হানিফের কোনো সভায় যোগ দিতে দেখা যায়নি।