হানিফের বিরুদ্ধে হুমকির অভিযোগ বিএনএফ প্রার্থীর
কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী রকিব উর রহমান খান চৌধুরী অভিযোগ করেছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ তাঁর পেটোয়া বাহিনী দিয়ে বিএনএফের কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছেন ও তাঁদের মারধর করছেন। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য কোটি কোটি টাকা দিয়ে তাঁকে কেনার প্রস্তাব এসেছিল বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার বেলা তিনটার দিকে শহরের মিলপাড়া এলাকায় বিএনএফের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রকিব উর রহমান এসব অভিযোগ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হানিফের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার (হানিফ) আশেপাশে পেটোয়া বাহিনী। আপনি ভুল পথে আগাচ্ছেন। সঠিক পথে আসুন।’
বিএনএফের প্রার্থী রকিব উর রহমান বলেন, ‘নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য কোটি কোটি টাকা দিয়ে আমাকে কেনার অফার এসেছিল। সেই অফার ফিরিয়ে দিয়েছি। এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য সন্ত্রাসী পেটোয়া বাহিনী নানাভাবে চাপ দিচ্ছে। কর্মীদের মারপিট করা হচ্ছে।’ রকিবের দাবি, শহরের পিটিআই সড়কে বাড়ির সামনে দিয়ে কয়েক দিন আগে প্রচার মাইকবাহী টেম্পু যাওয়ার সময় হামলা চালিয়ে মনিরুল নামের তাঁর এক কর্মীকে মারধর করা হয়। শহরের থানাপাড়া চরে আরেক কর্মীকে মারধর করা হয়েছে।
রকিব উর রহমান বলেন, হানিফের চারপাশে সন্ত্রাসী পেটোয়া বাহিনী থাকে। এই সন্ত্রাসীদের শহরের সবাই চেনে। হানিফকে সংযত আচরণ করার আহ্বান জানান বিএনএফের প্রার্থী। তিনি নাকি হানিফের টাকায় নির্বাচন করছেন, এমন অপপ্রচার হানিফের লোকজন চালাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রকিব বলেন, ‘আমার দাদা, বাবা ও চাচারা বিভিন্ন সময় সাংসদ ও স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। হানিফ ভয় পেয়ে তাঁর লোকজনকে দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।’ এতে কান না দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান তিনি। তিনি আরও অভিযোগ করেন, ভোটকেন্দ্রে তাঁর পোলিং এজেন্ট যেন না থাকে সেজন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। রাজনৈতিকভাবে নীলনকশা করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাজমুল হুদার প্রসঙ্গ তুলে ধরে রকিব উর রহমান বলেন, ‘বিএনএফের ২২ জন বীর সেনা মাঠে লড়ছে। বিএনএফ নির্বাচনে আছে, থাকবে। নাজমুল হুদাকে পাবনা মানসিক হাসপাতালে সরকারিভাবে চিকিত্সা দেওয়া প্রয়োজন। আর না হলে প্রয়োজনে আমরাই তাঁকে নিজেদের টাকা দিয়ে চিকিত্সা করাব।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনএফের যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ, বিএনএফের নেতা রোকনুজ্জামানসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।