হানিফের হাত ধরে জামায়াত নেতার আ.লীগে যোগদান

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর রুকন নওশের আলী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত সোমবার রাতে শহরের কাটাইখানা মোড়ে স্থানীয় যুবলীগ আয়োজিত এক নির্বাচনী সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের হাত ধরে তিনি দলটিতে যোগ দেন।
নওশের আলী জামায়াত-সমর্থক কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি।
সোমবার রাত নয়টার দিকে আয়োজিত নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগে যোগ দেওয়ার সময় নওশের আলীর সঙ্গে মাহবুব উল আলমের হাত মিলিয়ে দেন আজগর আলী। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এমন একজন নেতা জানান, যোগদান অনুষ্ঠানে নওশের সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু জামায়াতে ইসলামী আন্দোলনের নামে নাশকতামূলক কর্মকাণ্ড করছে, যা ইসলাম সমর্থন করে না। তাই এখন থেকে তিনি আর দলটির সঙ্গে নেই। স্বাধীনতার সপক্ষের দল আওয়ামী লীগের সঙ্গে থেকে তিনি রাজনীতি করতে চান।
আজগর আলী বলেন, ‘নওশের নিজে থেকেই জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডে ঘৃণা জানিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে তিনি বক্তব্যও দেন।’
এ বিষয়ে কথা বলতে নওশের আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে এক ব্যক্তি জানান, তিনি নামাজে আছেন। পরে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জেলা জামায়াতের নায়েবে আমির ফরহাদ হুসাইন বলেন, ‘জামায়াতের রাজনীতিতে আসা-যাওয়ায় কোনো বাধানিষেধ নেই। আর যে মেয়ে বাবা-মায়ের অনুমতি ছাড়া অন্যের হাত ধরে বেরিয়ে যায়, সেই মেয়ে বাবা-মায়ের দোষ দেবে, এটাই স্বাভাবিক।’