হান্নান শাহ ও মীর নাছির জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন গতকাল বুধবার জামিনে মুক্তি পেয়েছেন।

গতকাল সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান হান্নান শাহ। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গত বছরের ২৫ নভেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুর রাজ্জাক জানান, হান্নান শাহর জামিননামার কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে বেলা ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

হান্নান শাহসহ বিএনপির আরও ছয় নেতার বিরুদ্ধে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা ও সরকার পতনের চেষ্টায় জড়িত থাকার অভিযোগ এনে মতিঝিল, রমনা ও পল্টন থানায় মামলা করা হয়। এসব মামলায় ২৬ জানুয়ারি শুনানি শেষে আবেদনকারীদের পক্ষে জামিন মঞ্জুর করেন আদালত।

মুক্তি পাওয়ার পর হান্নান শাহ সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে না গিয়ে কোনো ভুল করেনি। জনগণ এই তামাশার নির্বাচন গ্রহণ করেনি। তাই তামাশার সরকার যত তাড়াতাড়ি বিদায় নেয় ততই মঙ্গল।

এদিকে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন গতকাল বেলা একটা ৫০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। গত ২৮ নভেম্বর তাঁকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল কাদের জানান, আদালত থেকে জামিননামা আসার পর দুপুরে মীর নাছিরকে মুক্তি দেওয়া হয়।