হান্নান শাহ, রিজভীর জামিন আবেদন নাকচ
রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় করা তিনটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিনের আবেদন নাকচ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। গতকাল সোমবার শুনানি শেষে বিচারক জহুরুল হক আবেদনগুলো নাকচ করেন।
হান্নান শাহকে গত বছরের ২৫ নভেম্বর জাপান দূতাবাসের সামনে থেকে আটক করে পুলিশ। রিজভীকে ৩০ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করা হয়। পরে রিজভীকে পল্টন ও মতিঝিল থানায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা তিন মামলায় এবং হান্নান শাহকে মতিঝিল থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়।
এদিকে বিএনপির ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাউদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারীকে গতকাল বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দেন মুখ্য মহানগর হাকিম আদালত। এর মধ্যে মতিঝিল থানার দুই মামলায় সুলতান সালাউদ্দিনের চার দিন, মতিঝিল থানার তিন মামলায় কাদের ও শফিউল বারীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে তাণ্ডবের ঘটনায় এসব মামলা করা হয়েছিল।