হান্নান শাহর প্রতি বিএনপির নেতা ও কর্মীদের শেষ শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। তাঁর কফিন দলীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে কেন্দ্রীয় নেতা এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ফুল দিয়ে শেষশ্রদ্ধা জানান।

আজ শুক্রবার জুমার নামাজের পর গাজীপুরের কাপাসিয়া ঘাগটিয়া গ্রামে হান্নান শাহর দাফন হবে। এর আগে সকাল ৯টায় জয়দেবপুর রাজবাড়ী মাঠে, সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে, জুমার নামাজের পর চালা বাজার উচ্চবিদ্যালয় মাঠে জানাজা হবে।

শনিবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, বাদ মাগরিব মহাখালী ডিওএইচএস জামে মসজিদে হান্নান শাহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হবে।

গতকাল মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, সংসদ ভবনের দক্ষিণ প্রাঙ্গণ, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও মহাখালীর গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা হয়। সংসদে জানাজার পর জাতীয় সংসদের পক্ষে চিফ হুইপ আ স ম ফিরোজ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে জাপার সাংসদ নুরুল ইসলাম শ্রদ্ধা জানান।

দুপুরে নয়াপল্টনে তাঁর মরদেহ পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা দলীয় পতাকা দিয়ে কফিন ঢেকে দেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন। জানাজায় মির্জা ফখরুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, গিয়াস কাদের চৌধুরী, সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা অংশ নেন।

ডিওএইচএস জামে মসজিদ, সংসদ ভবনের দক্ষিণ প্রাঙ্গণের জানাজায় অংশ নেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, এলডিপির সভাপতি অলি আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, বিএনপির নেতা মাহবুবুর রহমান, হাফিজউদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, এম ওসমান ফারুক প্রমুখ।

হান্নান শাহ গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।