হান্নান শাহর মরদেহ ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহর মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় তাঁর মরদেহ নিয়ে আসা হয়। আজ রাতে মহাখালীতে তাঁর বাসায় যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ছয়টায় হান্নান শাহর মরদেহ ঢাকায় নিয়ে আসেন তাঁর ছেলে শাহ রিয়াজুল হান্নান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলের নেতারা হান্নান শাহর মরদেহ নিয়ে তাঁর বাসায় যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ গতকাল মঙ্গলবার ভোররাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্র জানায়, রাতে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে। এরপর বৃহস্পতিবার ঢাকা ও গাজীপুরে একাধিক জায়গায় জানাজা শেষে আগামী শুক্রবার তাঁর মরদেহ দাফন করা হবে।