
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর মরদেহ সিঙ্গাপুর থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দর থেকে কফিন মহাখালীর ডিওএইচএসে তাঁর বাড়িতে নেওয়া হয়।
গত মঙ্গলবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হান্নান শাহ মারা যান। ৬ সেপ্টেম্বর তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। গতকাল সন্ধ্যা সাতটায় হান্নান শাহর মরদেহ মহাখালীর বাসায় নেওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেখতে যান। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের সান্ত্বনা দেন।
আজ চারটি জানাজা, কাল দাফন: আজ বৃহস্পতিবার ঢাকায় হান্নান শাহর চারটি জানাজা হবে। সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস মসজিদে, বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, জোহরের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বাদ আসর মহাখালীর গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা হবে। কাল শুক্রবার সকাল নয়টায় জয়দেবপুর রাজবাড়ি মাঠে, সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এবং জুমার পর নিজ গ্রাম চালা বাজার উচ্চবিদ্যালয় মাঠে জানাজার পর বাবার কবরের পাশে হান্নান শাহকে দাফন করা হবে।