হান্নান শাহর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে গাড়ি ভাঙচুর ও পোড়ানোর অভিযোগে রাজধানীর ভাটারা থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানাবে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে আজ এ তথ্য জানান।
গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকার জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করে পুলিশ। আটকের পর তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানেই আছেন।
মাসুদুর রহমান জানান, গাড়ি ভাঙচুর ও পোড়ানোর অভিযোগে গত ২৬ অক্টোবর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। মামলা নম্বর ২৪। ওই মামলায় হান্নান শাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আজ তাঁকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানাবে পুলিশ।