হান্নান শাহসহ বিএনপির তিন নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহসহ তিন নেতাকে জামিন দিয়েছেন আদালত।

জামিন পাওয়া অন্য দুই আসামি হলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরফত আলী ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী। তবে হান্নান শাহের বিরুদ্ধে আরও তিনটি এবং শরফত ও শফিউলের বিরুদ্ধে আরও মামলা থাকায় তাঁদের এখনই মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।

গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আরিফুর রহমান এ জামিন দেন। এর আগে গতকাল সকালে এ তিন নেতার পক্ষে তাঁদের আইনজীবী সানাউল্লাহ মিয়া শুনানি করে বলেন, আসামি হান্নান শাহর বিরুদ্ধে মামলার এজাহারে কোনো অভিযোগ নেই। মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই।

একই আদালতেই আসামি শরফত আলী ও শফিউল বারীর জামিনের বিষয়ে শুনানি হয়। আইনজীবীরা আদালতকে জানান, আসামি শরফত বর্তমানে রাজধানীর বারডেম হাসপাতালে এবং শফিউল কারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাই তাঁরা জামিন পেতে পারেন। শুনানি শেষে আদালত রাজধানীর ভাটারা থানায় করা গাড়ি পোড়ানোর মামলায় হান্নান শাহকে এবং রমনা থানায় করা গাড়ি পোড়ানো মামলায় শরফত ও শফিউলকে জামিনে মুক্তির আদেশ দেন।

গত ২৫ নভেম্বর গুলশানের জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করা হয়। এর আগে ১৫ নভেম্বর রাজধানীর বাংলামোটর এলাকা থেকে শরফত ও শফিউলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২ মার্চ বিএনপির বিক্ষোভ মিছিল থেকে শান্তিনগর, মগবাজারসহ আশপাশের এলাকায় পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে পুলিশ শরফত ও শফিউলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে।