
রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) অন্যতম শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত৷ অপর ছয় আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড৷

বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে জঘন্য ওই হামলার ১৩ বছর পর গতকাল সোমবার মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমীন৷
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মুফতি হান্নান, মাওলানা আকবর হোসাইন ওরফে হেলাল উদ্দিন, আরিফ হাসান ওরফে সুমন ওরফে আবদুর রাজ্জাক, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মাওলানা তাজউদ্দিন (সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই), হাফেজ জাহাঙ্গীর আলম ওরফে ওস্তাদ জাহাঙ্গীর বদর ও মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার৷ এঁদের মধ্যে শেষ পাঁচজন পলাতক আছেন৷
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হাফেজ আবু তাহের, মাওলানা সাব্বির ওরফে আবদুল হান্নান, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আবদুর রউফ ও শাহাদাত উল্লা ওরফে জুয়েল৷ এঁরা সবাই কারাগারে আছেন৷
দণ্ডাদেশপ্রাপ্ত এই ১৪ আসামির মধ্যে শাহাদাত উল্লা ছাড়া অন্যরা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হুজি-বির শীর্ষস্থানীয় নেতা৷ শাহাদাত উল্লা হলেন বিগত চারদলীয় জোট সরকারের আমলে র৵াবের ক্রসফায়ারে নিহত নারায়ণগঞ্জের যুবদলের নেতা মোমিন উল্লা ডেভিডের ছোট ভাই৷
আলোচিত এ মামলার রায় ঘোষণা উপলক্ষে গতকাল আদালত এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়৷ মুফতি হান্নানসহ কারাগারে আটক নয়জন আসামিকে আদালতে হাজির করা হয়।
আদালতের পর্যবেক্ষণ: রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এটি কোনো রাজনৈতিক মামলা নয়। বাঙালি জাতির ঐতিহ্য পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান৷ ২০০১ সালে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ব্যক্তিরা সাধারণ মানুষ। এই অনুষ্ঠান কোনো নির্দিষ্ট দল-মত-গোষ্ঠী বা ধর্মের লোকজনের ছিল না। জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী, নারী-পুরুষ, ছোট-বড়নির্বিশেষে সব শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ ওই অনুষ্ঠানে সমবেত হয়েছিল। ওই দিন ভোরে ঘটনাস্থলে দুটি বোমা পঁুতে রাখা হয়েছিল এবং পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় বলে বিশেষজ্ঞ মতামত পাওয়া গেছে৷
পর্যবেক্ষণে বলা হয়, বোমা হামলাকারীদের লক্ষ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী ছিল না। আয়োজক সাংস্কৃতিক সংগঠন ছায়ানট একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। সকাল আটটা পাঁচ মিনিটে একটি এবং এর ১০-১৫ মিনিট পরে আরেকটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ঘটনা-স্থলেই নিরীহ সাত ব্যক্তি প্রাণ হারান এবং ২০-২৫ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের মধ্যে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজনৈতিক অস্থিতিশীলতা, আতঙ্ক সৃষ্টি করাসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত তথা সংস্কৃতির চর্চা বন্ধ করার জন্য ওই বোমা হামলা
চালানো হয়েছিল৷ হামলাকারী এবং এর পরিকল্পনাকারীদের এ কাজ নিঃসন্দেহে নৃশংস, নির্মম, বর্বর, জঘন্য ও ক্ষমার অযোগ্য। স্বাধীন বাংলাদেশে যতগুলো নৃশংস, জঘন্য ও বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার মধ্যে এটি একটি৷ আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের সাক্ষ্য ও দালিলিক প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ এ মামলার আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই আসামিদের প্রতি অনুকম্পা বা সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নেই। আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়াই কাম্য৷
যে কারণে দণ্ড: মামলার রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ এ মামলায় আসামিদের বিরুদ্ধে ৬১ জন সাক্ষী উপস্থাপন করেছে৷ আসামি মুফতি হান্নান, আরিফ হাসান, আকবর হোসাইন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ রাষ্ট্রপক্ষ ঘটনার পারিপার্শ্বিক অবস্থা তুলে ধরে সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে৷
রায়ে বলা হয়, রমনার বটমূলে বোমা হামলা করে মানুষ হত্যা, এর পরিকল্পনা ও নির্দেশ দেওয়ার অভিযোগে মুফতি হান্নান, মাওলানা আকবর, মুফতি আবদুল হাই, জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ও মুফতি শফিকুর রহমানকে দণ্ডবিধির ৩০২ ও ১২০(বি) ধারায় এবং মাওলানা তাজউদ্দিন ও আরিফ হাসানকে ৩০২ ও ৩৪ ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত৷
ওই হামলার পরিকল্পনায় সহযোগিতা করার অভিযোগে আবু তাহের, সাব্বির, ইয়াহিয়া, শেখ ফরিদ, আবদুর রউফ ও শাহাদাত উল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত৷ একই সঙ্গে এঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন৷ অনাদায়ে তাঁদের আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়৷ রায়ে বলা হয়, পলাতক আসামিরা গ্রেপ্তার ও আত্মসমর্পণের দিন থেকে তাঁদের বিরুদ্ধে এ রায় কার্যকর হবে৷ এ ছাড়া কারাগারে থাকা আট আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়৷
প্রতিক্রিয়া: রায় ঘোষণার পর ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, এ মামলার রায়ে তিনি সন্তুষ্ট৷ রায়ের অনুলিপি পাওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে উচ্চ আদালতে আপিল করবে রাষ্ট্রপক্ষ৷ তিনি আরও বলেন, রায় ঘোষণার আগে আদালত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হলেও রায় প্রদানকারী বিচারকের নিরাপত্তার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷ এ জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেন৷
আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন৷ তিনি বলেন, এ রায়ে সরকারের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। রায়ের অনুলিপি পাওয়ার পর তাঁরা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন৷
মামলার পূর্বাপর: ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে এ বোমা হামলার ঘটনা ঘটে৷ এতে ১০ জন নিহত হন৷ এ ঘটনায় রমনা থানায় মামলা করে পুলিশ৷ এরপর দীর্ঘদিন এ মামলার তদন্তে কোনো অগ্রগতি ছিল না৷ ২০০৬ সালের ১৯ নভেম্বর এ মামলায় মুফতি হান্নান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন৷ এরপর মূলত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর মামলাটির তদন্তে গতি পায়৷ মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে সিআইডি ২০০৮ সালের ২৯ নভেম্বর আদালতে এ ঘটনায় দুটি অভিযোগপত্র জমা দেয়—একটি হত্যা, অপরটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে৷
হত্যা মামলাটি অভিযোগ গঠনের পর চলতি বছরের ৫ মে সাক্ষ্য গ্রহণ শেষ হয়৷ ২৮ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ১৬ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন৷ ওই দিন রায় লেখা প্রস্তুত না হওয়ায় গতকাল রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত৷
আর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির কার্যক্রম ২০০৯ সাল থেকে থেমে আছে৷
মুফতি আবদুল হান্নানের পরিকল্পনা ও নির্দেশনায় ৭ বছরে ১৩ হামলায় নিহত ১০৯
৬ মার্চ ১৯৯৯: যশোরে উদীচীর অনুষ্ঠানে ১০
৮ অক্টোবর ১৯৯৯: খুলনায় আহমদিয়া মসজিদে ৮
২০ জুলাই ২০০০: কোটালীপাড়া শেখ হাসিনার জনসভাস্থলে বোমা
২০ জানুয়ারি ২০০১: ঢাকার পল্টন ময়দানে সিপিবির সমাবেশে ৭
১৪ এপ্রিল ২০০১: ঢাকার রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে ১০
৩ জুন ২০০১: গোপালগঞ্জের বানিয়ারচরে ক্যাথলিক গির্জায় ৯
১৬ জুন ২০০১: নারায়ণগঞ্জে আ.লীগের অফিসে ২২
২৩ সেপ্টেম্বর ২০০১: বাগেরহাটে কলেজ মাঠে আ.লীগের সমাবেশে ৮
২৬ সেপ্টেম্বর ২০০১: সুনামগেঞ্জর শাল্লা হেলথকমপ্লেক্সে বোমা বিস্ফোরণে ৪
২১ মে ২০০৪: শাহজালাল মাজারে ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলায় ৩
৭ আগস্ট ২০০৪: সিলেটে মেয়র কামরানের ওপর হামলায় ১
২১ আগস্ট ২০০৪: ঢাকায় আ.লীগের সমাবেশে ২২
২৭ জানুয়ারি ২০০৫: হবিগঞ্জে আ.লীগ নেতা কিবরিয়ার ওপর গ্রেনেড হামলায় ৫