হান্স হারডার: বাঙালি জার্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান মনীষী ম্যাক্সমুলার ভারততত্ত্ব নিয়ে যে আগ্রহের সূচনা করেছিলেন, সেই ধারায় এর পরে অনেক পণ্ডিতই কাজ করেছেন। জার্মান মনীষার ভারত ও বঙ্গ নিয়ে আগ্রহের সেই ঐতিহ্যের সাম্প্রতিকতম প্রতিনিধি হান্স হার্ডার। তাঁর হাত দিয়ে ঊনিশ শতকের বাংলা গদ্যসাহিত্য—বাংলাদেশের আধুনিক কথাসাহিত্যও—জার্মান ভাষায় স্থান করে নিচ্ছে। হান্স জার্মানির ঐতিহ্যবাহী হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট’-এর ভাষাতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক। তাঁর অধীনে বাংলা সাহিত্য ও ভাষাতত্ত্ব পড়ানো হচ্ছে। তিনি বাংলা, হিন্দি ও তামিল—এই তিন ভাষার উপকরণ নিয়েই গবেষণায় নিয়োজিত রয়েছেন।

হান্সের হাতেখড়ি বাংলা ভাষা দিয়ে। ছাত্রাবস্থাতেই তিনি বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়’স শ্রীমদ্ভগবৎগীতা: ট্রান্সলেশন অ্যান্ড অ্যানালিসিস বঙ্কিমচন্দ্র ও জাতীয়তাবাদ নিয়ে তাঁর পিএইচডি গবেষণার ফল।

তিনিই সম্ভবত একমাত্র জার্মান, যিনি অনর্গল শুদ্ধ বাংলা বলতে ও লিখতে পারেন। হান্স চট্টগ্রামের আঞ্চলিক ভাষাও শিখেছেন। মাইজভান্ডারী নিয়ে তিনিই জার্মান ভাষার প্রথম গবেষক। এ বিষয়ে তাঁর বই সুফিজম অ্যান্ড সেইন্ট ভেনারেশন ইন কনটেমপোরারি বাংলাদেশ: দ্য মাইজভান্ডারিজ অব চিটাগাং। প্রকৃতপক্ষে বাংলাদেশের মরমী সংস্কৃতিধারার মধ্যে লালন সাঁইকে নিয়ে বিস্তর কাজ হলেও, মাইজভান্ডারী ধারাটি ছিল উপেক্ষিত। হান্স এই একাডেমিক নীরবতা ভঙ্গ করেন। এক অর্থে নিম্নবর্গীয় সংস্কৃতির স্পন্দন বুঝতে এটা এক চাপাপড়া জগতকে আমাদের সামনে হাজির করে। এ দেশের জনসংস্কৃতিতে যে উদার মানবতাবাদী ভাব অজস্র ধারায় বয়ে চলেছে, তাঁর গবেষণা সেই সত্য তুলে ধরে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশীয় ইসলামকে বোঝার জন্যও তাঁর এই গবেষণার গুরুত্ব অপরিসীম। মাইজভাণ্ডারী গানের উন্মোচনের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন বাংলাদেশে ইসলামের বিশিষ্ট চেহারাটিও। চট্টগ্রামের মাইজভান্ডারীর লেখক আবদুল হালীকে নিয়ে তিনি জার্মান ভাষায় একটি বই লিখেছেন।

ভালো বাংলা জানার কারণে হান্স নতুন করে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ গল্পটি বাংলা থেকে সরাসরি জার্মান ভাষায় অনুবাদ করেন। বাংলাদেশের অন্যতম লেখক হাসান আজিজুল হকের গল্পও তিনি জার্মান ভাষায় প্রথম অনুবাদ করেছেন। বাংলাদেশ নিয়ে অজস্র সেমিনারে তিনি বক্তব্য দিয়েছেন। জার্মান বিদ্যায়তনিক জগতে তিনি যেন বাংলাদেশি সংস্কৃতির দূত।

হারডার নিয়মিত বাংলাদেশে আসেন। বাংলা সাহিত্য ও বাংলাদেশ নিয়ে তাঁর লেখা অসংখ্য। অসামান্য প্রবন্ধ লিখেছেন কাজী নজরুল ও বেগম রোকেয়াকে নিয়ে। বাংলাদেশ, বাংলা ভাষা ও বাংলা সাহিত্য নিয়ে জার্মান ছাত্রছাত্রীদের ক্রমবর্ধমান আগ্রহের পেছনেও হান্সের অবদান যথেষ্ট।

সুজিত চৌধুরী: ঊর্ধ্বতন পরামর্শক, জার্মান দূতাবাস, বাংলাদেশ