
নিজে একসময়ে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বামী মাইকেল হাফিংটনও ছিলেন রাজনীতিতে।পরে যুক্ত হয়ে যান লেখালেখির সঙ্গে। নিয়মিত কলাম লিখতে থাকেন। তবে সবকিছু ছাড়িয়ে নিজের জনপ্রিয় সংবাদভিত্তিক ওয়েবসাইট দ্য হাফিংটন পোস্টের মাধ্যমে বেশি পরিচিতি পান আরিয়ানা হাফিংটন। ২০১১ সালে দ্য হাফিংটন পোস্টকে অধিগ্রহণ করে আমেরিকান অনলাইন লিমিটেড (এওএল) এবং আরিয়ানা হাফিংটন পোস্ট মিডিয়া গ্রুপের প্রেসিডেন্ট এবং এডিটর-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। বর্তমানে এ মিডিয়া গ্রুপের সঙ্গে যুক্ত আছে ইএনগ্যাজেট, এওএল মিউজিকসহ আরও কয়েকটি সেবা।
এমন সব গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত থাকা আরিয়ানার জন্ম ১৯৫০ সালে, গ্রিসে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গির্টন কলেজে পড়াশোনা করেন। এ কলেজের ক্যামব্রিজ ইউনিয়নে প্রথম বিদেশি এবং তৃতীয় নারী প্রেসিডেন্টও ছিলেন তিনি। উদ্যোক্তা হিসেবেও সফল আরিয়ানা। নিয়মিত কাজের পাশাপাশি কলাম লেখা, বই লেখার কাজটিও করে যাচ্ছেন তিনি। নারী ক্ষমতায়নে বেশ সক্রিয়ভাবে কাজ করছেন এখনো। দুই কন্যার জননী আরিয়ানা পেয়েছেন একাধিক স্বীকৃতি। ২০০৯ সালে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর করা মিডিয়ায় কাজ করা সেরা উদ্যমী নারীর মধ্যে জায়গা করে নেন তিনি। এ ছাড়া ২০১৩ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী উদ্যোক্তার তালিকায়ও আছে তাঁর নাম।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: উইকিপিডিয়া, ফোর্বস